সরকার সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া দেখতে চায় -এমএ মান্নান

স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘বর্তমান সরকার সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া দেখার লক্ষ্য নিয়ে কাজ করছে। অন্ধকূপ থেকে জাতিকে আলোর দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তাঁর নেতৃত্বে কাজ করছি গ্রামে আলো ছড়ানোর জন্য। সুনামগঞ্জের মাঠেও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সাকিব-মাশরাফি তৈরি হোক এটিই চাই আমরা, আমার বিশ্বাস সুনামগঞ্জের প্রশাসন বা ক্রীড়া সংস্থা এমন আকাঙ্খা নিয়েই কাজ করছে।’
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ স্টেডিয়ামে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেবার সময় খেলোয়াড়, ক্রীড়ামোদী ও দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি। এছাড়াও বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
গত ২৪ ডিসেম্বর থেকে সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় বৃহস্পতিবার চূড়ান্ত পর্বে অংশ নেয় সুনামগঞ্জ সদর উপজেলার জমিরুন নূর উচ্চ বিদ্যালয় ও জামালগঞ্জ উপজেলা ক্রিকেট দল।
বৃহস্পতিবার দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট দলকে ৬ উইকেটে পরাজিত করে সদর উপজেলার জমিরুননূর উচ্চ বিদ্যালয় দল।
প্রথমে ব্যাট করতে নেমে জামালগঞ্জ উপজেলা  ক্রিকেট দল নির্ধিারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। আনাছ ২৫, পাশা ১৭, সৌরভ ৯,  রাকিব ৮,  তৌহিদ ৮ রান করে।
আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সৌরভ ৪ ওভারে ২৫ রানে ৩টি এবং জাকারিয়া ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে জামালগঞ্জকে অল্প রানে বেঁধে রাখেন। এছাড়াও আমিনুর ও নায়িব উভয়ে ২ উইকেট তুলে নেন।
জয়ের লক্ষে ২য় ইনিংসে আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় তানহারের সর্বোচ্চ ৩৭ রানের  উপর ভর করে ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।  আমিনুর ২৫, রনি ১৯, নৌশাদ ১২ এবং সাগর ১০ রান করেন।
এদিকে বুধবার রাত ৯টায় জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার হাওরে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ পিআইসি কমিটির সাথে মতবিনিময় সভা করেন মন্ত্রী।