বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। অসহায়দের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকে। করোনা ভাইরাসের সক্রমণ থেকে রক্ষা পাবার জন্য সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা। এরা না পারছেন বের হতে, না ঘরে থাকতে। তবে সরকারের পাশাপশি বিভিন্ন সংগঠনসহ বিত্তবানেরা এসব মানুষের পাশে দাঁড়ানো শুরু হয়েছে। সরকারিভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শনিবার থেকে জিআর চাল ও জিআরের নগদ বরাদ্দের কাজ শুরু হবে। কেবল সরকারি বরাদ্দের উপর নির্ভর করে বিপূল সংখ্যক শ্রমজীবী ও নি¤œবিত্ত মানুষকে এই সময়ে ঘরে রাখা কঠিন হবেও বলে মনে করছেন অনেকে। অবশ্য গত বুধবার থেকেই সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় স্বউদ্যোগে সহায়তার হাত বাড়ানো শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড বরুণ রায়, হোসেন বখত, আলফাত উদ্দিন আহমদ, আছদ্দর চৌধুরী, আব্দুল বারী, মুক্তিযোদ্ধা ড. রানা চৌধুরী ও বজলুল মজিদ খসরু’র মুক্তিযোদ্ধা ভাতার টাকায় প্রতিষ্টিত ট্রাস্ট ‘গৌরবের মুক্তিযুদ্ধ’ সুনামগঞ্জ শহরে ঘরে বন্দি শ্রমজীবি মানুষের তালিকা তৈরি শুরু করেছে। যারা দিন আনে দিন খায়। এদের কথা বিবেচনা করে ‘গৌরবের মুক্তিযুদ্ধ’ এর বোর্ড অব ট্রাস্টির সদস্যগণ ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই টাকা দিয়ে চাল, ডাল, তেল সহ আনুষঙ্গিক জিনিস কিনে ঘরে ঘরে পৌঁছানো হবে। এই কাজে উদীচী, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এই কাজে সহযোগিতা করছে বলে জানিয়েছেন গৌরবের মুক্তিযুদ্ধ’এর ট্রাস্টিগণ।
সুনামগঞ্জ বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম তার নিজের বাড়ী সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা এলাকার শ্রমজীবী, দিনমজুর যারা ঘরে থাকছে তাদের তালিকা তৈরি করে সহায়তা দেবার ঘোষণা দিয়েছেন।
ডা. নুরুল ইসলাম জানান, তাঁর ব্যক্তিগত এক লাখ টাকার সঙ্গে স্বজন ও শুভানুধ্যায়ী অনেকেই আরও কিছু অর্থ দেবার কথা জানিয়েছেন। সব কিছু মিলিয়েই খাবারের প্যাকেট, ওষুধ ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা বুধবার তাঁর নিজের নির্বাচনী এলাকার ৩০ জন ডাক্তারকে পিপিই প্রদান করেছেন।
এছাড়া মাস্ক, স্যানিটাইজার, সাবান, স্যাভলেন, হ্যান্ডওয়াস ও স্বাস্থ্য সুরক্ষা স্প্রে ছিটিয়ে মানুষের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছে জেলা পরিষদ সুনামগঞ্জ, ঢাকাস্থ শাল্লা সমিতি, উন্নয়ন সংগঠন ব্র্যাক, সুনামগঞ্জ সদর উপজেলা, তাহিরপুর উপজেলা পরিষদ, শাল্লা উপজেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, ছাতক পৌরসভা, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা, স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, উদীচী, মহিলা আওয়ামী লীগ, নিউজ সুনামগঞ্জ.কম, খেলাঘর আসর, দিরাই বাজার মহাজন সমিতি, শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রাম পঞ্চায়েত, এই উপজেলার নোয়াগাঁও আপন যুব সংঘসহ নানা সংগঠন।
গৌরবের মুক্তিযুদ্ধ’র সভাপতি শীলা রায় ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু এই সময়ে খেটে খাওয়া ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে বিত্তবানদের দাড়ানোর আহ্বান জানিয়েছেন।


