সাঁড়াশি অভিযান শেষ- বুধবার রাত পর্যন্ত গ্রেপ্তার ২০২- বেশিরভাগই জামিনে মুক্ত

বিশেষ প্রতিনিধি
পুলিশের এক সপ্তাহের সাঁড়াশি অভিযানে সুনামগঞ্জে ২০২ জন গ্রেপ্তার হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই জামিন পেয়েছেন। অভিযানে জামায়েতের সমর্থক ১১ জন গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। তবে জামায়াতের একজন দায়িত্বশীল নেতা বলেছেন,‘ দলের ৩ জন কর্মী আটক হয়েছিলেন, এর মধ্যে ২ জন জামিন পেয়েছেন’।
পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গত ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ওয়ারেনেন্টের আসামী (জিআর ও সি আর মিলে) ১৬৬ জন, সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ৮ জন, নিয়মিত মামলার ২০ জন এবং অন্যান্য ৮ জন আসামী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে জামায়াতের সমর্থক ১১ জন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশের হিসাবে ২০২ জন গ্রেপ্তার হলেও গত ৭ দিনে কোর্ট থেকে কারাগারে পাঠানো আসামীর সংখ্যা ১০৬ জন বলে জানিয়েছেন জেল সুপার আজিজুল ইসলাম। এই ১০৬ জনের সকলেই এই
সপ্তাহের সাঁড়াশি অভিযানের আসামী নাও হতে পারে বলে মন্তব্য করেছেন জেল সুপার।
জামায়াতের ১১ জন গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ দাবি করলেও জামায়াতের দায়িত্বশীল একজন নেতা বলেছেন, তাদের ৩ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের সদস্য সুলেমান চৌধুরী এবং ছাতকের গোবিন্দগঞ্জের জামায়াত নেতা মুজিবুর রহমানসহ ২ জন। এই ৩ জনের মধ্যে মুজিবুর রহমানসহ ২ জনকে অভিযানের দ্বিতীয় দিন গ্রেপ্তার করা হয় এবং ২ জনেই পর দিন জামিন পান।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘গ্রেপ্তারকৃতদের মধ্যে জঙ্গী সম্পৃক্ততার অভিযোগ কারো বিরুদ্ধে পাওয়া যায়নি, ওয়ারেন্টের আসামী ছাড়া অন্যদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখাতে হয়েছে’।