স্টাফ রিপোর্টার
প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত মুখ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে যারা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করেছে তাদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন হয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম একজন খ্যাতিমান সাংবাদিক। তিনি সম্প্রতি প্রথম আলোতে স্বাস্থ্যখাতের নানা অনিয়ম-দুর্নীতি তুলে ধরেছেন। এ কারণেই ওই মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী আক্রোশের শিকার হয়েছেন তিনি। তাঁকে যে ভাবে আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়েছে সেটি নজিরবিহীন। স্বাধীন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য এ ধরনের আচরণ হুমকি। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তার সঙ্গে যারা অন্যায় আচরণ করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী শীলা রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আইনজীবী সালেহ আহমদ, আইনজীবী ও সমাজকর্মী এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কলেজশিক্ষক দুলাল মিয়া, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি মো. রাজু আহমেদ, তরুণ সমাজকর্মী নাসিম চৌধুরী, বন্ধুসভার সহসভাপতি কনক চক্রবর্তী ও প্রদীপ পাল, সাধারণ সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দেব, সুনামগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।
মানববন্ধনে বন্ধুসভার অন্যান্যের মধ্যে অংশ নেন আশরাফুজ্জামান বাবলু, মো. আকিক মিয়া, বিনয় বর্মন, রুবেল পাল, জাকের আহমদ, হেপি তালুকদার, শর্মী তালুকদার, নাহিদ আহমদ প্রমুখ।


