সাংসদদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মুকুটের

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট জেলার দলীয় পাঁচজন সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, সাংসদেরা তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের পক্ষে কাজ করছেন। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন।
এনামুল কবীর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের সদ্য সাবেক প্রশাসক।
নুরুল হুদা মুকুট বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি দৈনিক পত্রিকার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুল ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের নাম উল্লেখ করে বলেন, ‘এই দুই সাংসদ তাঁদের বাড়িতে এলাকার ভোটারদের ডেকে নিয়ে এনামুল কবীরকে ভোট দিতে চাপ দিচ্ছেন। ভোটারদের কাবিখা, কাবিটাসহ নানা বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন। বিভিন্ন স্থানে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জেলার সাংসদদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও শুধু মুহিবুর রহমান মানিক ও মোয়াজ্জেম হোসেন রতনের নামোল্লেখ করেন।
এ ব্যাপারে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন,‘আমরা কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। আমাকে জনপ্রতিনিধিরা জিজ্ঞেস করলে বলছি, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের প্রতি দলের সকলেরই শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।’
সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন,‘আমি নির্বাচনী এলাকাতেই নেই। আচরণবিধি লঙ্ঘন হতে পারে বিধায় কোনো প্রকল্প বা বরাদ্দে স্বাক্ষর দেইনি। দলীয় মনোনয়ন বোর্ড যাঁকে মনোনীত করেছে, তাঁর প্রতি দলের কর্মী হিসাবে আস্থাশীল থাকাটাই স্বাভাবিক’। তিনি দাবি করেন- নেত্রীর নির্দেশ যারা অমান্য করছে তারা ৯১,৯৬ ও ২০০১’এর জাতীয় নির্বাচনেও দলের প্রার্থীর বিরোধীতা করেছে। জেলা আওয়ামী লীগের গেল জেলা সম্মেলনেও এরা নেত্রীর দেওয়া কমিটি মানিনা-মানবো না বলে চেয়ার ভাংচুর করেছে’।