সু.খবর ডেস্ক
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগদানের ১৩ সেকেন্ড পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। কোচিং সেন্টার সাইফুর’সের পৃষ্ঠপোষকতা নিয়ে ‘কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের’ আয়োজন করায় তারা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেছেন। জানা গেছে, শুক্রবার ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সাফল্য লাভ করা ডিআরইউ’র সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের আয়োজন করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাবির ভিসি আরেফিন সিদ্দিক। সকাল ১১টায় অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী ও ভিসি। কিন্তু ব্যানারে পৃষ্ঠপোষক হিসেবে সাইফুর’স কোচিং সেন্টারের নাম থাকায় ১৩ সেকেন্ডের মাথায় সেখান থেকে দ্রুত সরে যান আইনমন্ত্রী। এসময় তাকে অনুসরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও। মন্ত্রী ও ভিসি চলে যাওয়ায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাইফুর’স এর চেয়ারপার্সন শামসা আরা খান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খান। অনুষ্ঠানের ব্যানারে তাদের নামও লেখা ছিলো।
ডিআরইউ সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বর্তমান সভাপতি জামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বর্তমান সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুসসহ অন্যান্যরা চেষ্টা করেও মন্ত্রীকে ফেরাতে পারেনি। একই ভাবে ফিরে যান ঢাবির ভিসিও।
দুই অতিথির চলে যাওয়ার পর উপস্থিত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অনেকেই সাইফুর’স এর ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখান। শেষ পর্যন্ত প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াই চলে অনুষ্ঠানটি।
উল্লেখ্য, ইংরেজি শেখানোর মাধ্যমে ‘দক্ষ হ্যাকার তৈরি’র বিজ্ঞাপন দিয়ে বিতর্কের জন্ম দেয় সাইফুর’স কোচিং সেন্টার।
সাইফুরস-এর ওই বিজ্ঞাপনের শিরোনামে বলা হয়, ‘English-এর ভুলে বাংলাদেশ ব্যাংকের ১৬০ কোটি টাকা হ্যাকারদের হাতছাড়া!’
বিবিসিকে উদ্ধৃত করে ওই বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘হ্যাকিংকৃত ডলার শ্রীলংকাতে স্থানান্তরের সময় ‘Foundation’ শব্দকে ‘Fandation’ লেখাতে বিদেশি Deutsche ব্যাংকের সন্দেহ হয়। তারা বাংলাদেশ ব্যাংককে জানালে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এই ২০ মিলিয়ন ডলার স্থানান্তর বন্ধ করে দেয়।’ ‘একইভাবে ইংরেজিতে দুর্বলতার কারণে MBA, অফিসার, Lawyer (এমনকি দক্ষ হ্যাকার!) প্রভৃতি হতে হলে reading, রাইটিং, Speaking, লিসেনিং ওspelling সবকিছুতেই ভালো হওয়া জরুরি!
ওই বিজ্ঞাপনের পর কোচিং সেন্টারটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া অনেক মহল থেকে সাইফুরসের এমন বিজ্ঞাপনের কঠোর সমালোচনা করা হয়।
- কলকলিয়া ইউনিয়নে নৌকার পক্ষে মাঠে নামছেন সাবেক চেয়ারম্যান সিরাজ
- ছাতকে ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্তদের পাশে ফুলতলী মুসলিম হ্যান্ডস বাংলাদেশ


