সাচনায় নিরীহ পরিবারের ভিট দখলমুক্ত করল পুলিশ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের সাচনা বাজারে পরিবারের বেদখল হওয়া বাজার ভিট থেকে দখলদারকে উচ্ছেদ করে তালা দিয়েছে থানা পুলিশ। সোমবার সকালে জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান সাচনাবাজার বণিক সমিতির সদস্যদেরকে সাথে নিয়ে বেদখল হওয়া ঘরে তালা দিয়েছেন।
পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে যাবার পর থেকে সাচনা বাজারের ব্যবসায়ীদের মনে সস্থির নি:শ্বাস ফিরে এসেছে। গত দুইদিন সাচনা বাজার ও উপজেলা সদরের মানুষের মুখে মুখে ছিলো বিষয়টি।
নাম প্রকাশ না করার শর্তে সাচনা বাজারের ব্যবসায়ীরা জানান, থানা পুলিশ দখলমুক্ত করার ফলে সাধারণ ব্যবসায়ীদের মধ্য থেকে আতংক কেটেছে। খোরশেদের কাছ থেকে দখল মুক্ত
 করলেও এখনো তার আত্মীয় দোকানের বারান্দায় বসে দোকানদারী করছেন ও দখল করে আছেন। ব্যবসায়ীদের দাবি খোরশেদের আত্মীয়কে সামনে থেকে সরিয়ে ঘরটির সম্পূর্ন দখলমুক্ত করলে আরো ভালো হতে।
থানার ওসি আতিকুর রহমান বলেন,‘সোমবার সকালে গিয়ে দখল হয়ে যাওয়া ঘর তালা বদ্ধ করে চাবি নিয়ে এসেছি। উচ্চ আদালতে মামলা আছে, রায় যার পক্ষেই আসবে,ঘর তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের গুনেন্দু ভুষন রায়ের বাজার ভিট জোর পূর্বক প্রভাব খাটিয়ে দখল করে উত্তর কামলাবাজের খোরশেদ আলম। দখলবাজ স্থানীয় খোরশেদ আলমের বিরুদ্ধে ভিটের মালিকের জামাতা লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেও গেল বিএনপির আমলে একাধিকবার এই ভিট দখল করেছিল খোরশেদ আলম। তৎকালীন বিএনপি দলীয় সংসদ সদস্য নজির হোসেনের হস্তক্ষেপে বাজারের বণিক সমিতির বিচারে দখলবাজ আর জায়গাটি দখলে নিতে পারেনি। এই নিয়ে থানায় লিখিত চাঁদাবাজীর অভিযোগের পর জেল খেটেছিল খোরশেদ আলম।