জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের সাচনাবাজারে সিএন্ডবি রোডে লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের অফিসের নাম ব্যবহার করে নিরীহ ব্যক্তির জায়গা জোর পূর্বক প্রভাব খাটিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে।
সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার গোলাম রব্বানী আফিন্দি অফিসের নামে গত কয়েক দিন আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে খাস জায়গার জন্য আবেদন করেছিলেন। এই আবেদনের সূত্র ধরে অনুমতি ছাড়াই সিএন্ডবি রোডের ব্যক্তি মালিকানা জায়গা ও তার সামনের সরকারী রাস্তা দখল করে ঘরের কাজ শুরু করে দেয়া হয়েছে। অভিযোগের পর পরই থানার এসআই মমিনুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলেছেন।
গত মঙ্গলবার দুপুরে দখলবাজ স্থানীয় পলক গ্রামের ফখর উদ্দিন, শহীদ মিয়া, জসিম উদ্দিনের বিরুদ্ধে জায়গার মালিক উত্তর কামলাবাজ গ্রামের বুরহান উদ্দিনের ছেলে আবু তাহের সামার লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তাদের দখলীয় জায়গার উপর স্থানীয় পলক ও আরো কয়েকজন প্রভাবশালী লোক স্ট্যান্ডের সাথে জড়িত কিছু মানুষ নিয়ে ঘর বাঁধছে। খবর পেয়ে তাদেরকে বাধা নিষেধ দিলে বাধা না মেনে জোর পূর্বক ঘরের কাজ করতে থাকে ও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে জায়গা ছেড়ে চলে যেতে বলে ও নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। এমনকি এক পর্যায়ে তাকে জোর করে জায়গা থেকে তাড়িয়ে দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী আ. শহীদ তালুকদার ও মোবারক আলী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আনেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, এই জায়গা নিয়ে মামলা বা অভিযোগ করলে দেখে নিবে বলে হুমকি দেয়া হয়। ঘটনার পর থেকে বিবাদী ও দখলবাজরা তাকে বার বার হুমকি দিয়ে আসছে।
সাচনা বাজার লেগুনা ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার গোলাম রব্বানী আফিন্দি বলেন,‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অফিসের জন্য আবেদন করেছি। সরকারী রাস্তার উপরে অস্থায়ীভাবে ভাসমান অবস্থায় কিছুদিনের জন্য স্ট্যান্ডের অফিস নির্মাণ করছি। আমরা কারো ব্যক্তি মালিকানা জায়গায় দখল করছি না। থানার ওসি আতিকুর রহমান বলেন,‘আমি অভিযোগ পেয়ে এসআই মমিনুল ইসলামকে পাঠিয়ে ঘরের কাজ বন্ধ করে দিয়েছি। এর পরও যদি কেউ জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন,‘ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কেউ অন্যায় ভাবে কারো জায়গায় এমনকি রাস্তা দখল করে কেউ কোন অফিস করতে পারবে না।’
- বিএনপির প্রার্থী বাছাই-জামালগঞ্জ-তাহিরপুর
- দিরাইয়ে আ.লীগ-বিএনপিতে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি চেয়ারম্যান প্রার্থী ৫১, সাধারণ সদস্য পদে ৩৬৪, সংরক্ষিত আসনে ১০৯


