সাচনা পলক কালী মন্দিরের ভূমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের সাচনাবাজারের পাশ্ববর্তী পলক সার্বজনীন কালী মন্দিরের ভূমি জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। ১২ লাখ টাকা মূল্যের মন্দিরের প্রায় ৬ শতাংশ ভূমি দখলের অভিযোগ উঠেছে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁক গ্রামের শহীদ মিয়ার ছেলে তোফায়েল আহমদ এফাউলের বিরুদ্ধে।  তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করে তোফায়েল আহমদ এফাউল জানিয়েছেন এই ভূমি মন্দিরের নয়, ব্যক্তি মালিকানাধীন। তিনি মালিক পক্ষের কাছ থেকে দলিল রেজিস্ট্রির মাধ্যমে ক্রয় করেছেন।
মন্দির পরিচালনা কমিটির অভিযোগ, গত ৩১ মার্চ বৃহস্পতিবার সকালে দলবল নিয়ে মন্দিরের ভূমি দখল করে মন্দির পরিচালনা কমিটির ভাড়াটিয়াদের উচ্ছেদ করে দেওয়া হয়। পরদিন শুক্রবার কালী মন্দিরের সাইনবোর্ডটি উঠিয়ে নিয়ে যায়। দখলদার প্রভাবশালী হওয়ায় মন্দির পরিচালনা কমিটি ও গ্রামের লোকজন বাধা দেয়া ও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।   
পলক কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হরেন্দ্র তালুকদার বলেন,‘কালী মন্দিরের ভূমি এর আগে গ্রামের অসৎ চক্র অবৈধভাবে মালিক সেজে বিক্রির চেষ্টা করেছিল। আমরা এনিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছি। মামলাটি চলমান রয়েছে। লম্বাবাঁক গ্রামের শহীদ মিয়ার ছেলে তোফায়েল আহমদ এফাউল তার দলবল নিয়ে বৃহস্পতিবার সকালে মন্দিরের ৬ শতক ভূমি অবৈধভাবে দখল করে। পরদিন শুক্রবার সকালে মন্দিরের সাইনবোর্ডটি উঠিয়ে নিয়ে যায়। সে এলাকার প্রভাবশালী হওয়ার তার বিরুদ্ধে প্রতিবাদ ও মন্দিরের ভূমি উদ্ধারের সাহস পাচ্ছে না কেউ।’
অভিযুক্ত তোফায়েল আহমদ এফাউল বলেন,‘ আমি পলক কালী মন্দিরের কোন ভূমি জোর করে দখল করিনি। আমি ব্যক্তি মালিকানার ভূমি ক্রয় করেছি। আদালতের আদেশ মোতাবেক এই ভূমির মালিক গণপতি চন্দের কাছ থেকে দলিল করে ক্রয় করেছি। এর পর আমার ক্রয় করা ভূমিতে ঘর তৈরি করেছি। মন্দিরের ভূমি জোর করে দখল করেছি এটা মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। ’ তবে কত টাকার বিনিময়ে কত শতক ভূমি ক্রয় করেছেন তা জানতে তিনি বলেন,‘ আমি এটা বলব না। কত টাকায় কত শতক ভূমি ক্রয় করেছি এটা ভূমি বিক্রেতা ও আমার বিষয়। এটা আপনাকে বলা যাবে না।’
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘পলক কালী মন্দিরের ভূমি বিক্রি করা নিয়ে অতীতে ঝামেলা হয়েছিল। কিন্তু মন্দিরের ভূমি সে সময় বেচাকেনা হয়নি। সম্প্রতি এই ভূমি আবারো কেউ দখল করেছে বলে জানা নেই। কেউ জানায় নি, বিষয়টির খোঁজ খবর নেয়া হবে। কেউ এ ব্যাপারে অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’