সানুরাগ অভিনন্দন

সালেহ চৌধুরী
জন্মদিনের উৎসব আনন্দের উপলক্ষ। সে ব্যক্তির ক্ষেত্রে যেমন তেমনি প্রতিষ্ঠান-প্রকাশনার ক্ষেত্রেও। কেননা অস্তিত্ব অর্থবহ হলেই জন্মদিন উদযাপিত হয়ে থাকে। চার বছর পাড়ি দিয়ে সুনামগঞ্জের খবর – এর পঞ্চম বর্ষ শুরুর এই আনন্দ দিনে আমি তাই এর সকল কর্মী, পাঠক আর শুভানুধ্যায়ীদের জানাই সানুরাগ অভিনন্দন।
সুনামগঞ্জ জেলার ছোট এক গ্রামে আমার জন্ম। কৈশোরের শুরুতেই সুনামগঞ্জ ছেড়েছিলাম। তারপর থেকে বাইরে বাইরেই আছি। তবুও আজো নিজের পরিচয়কে সুনামগঞ্জ থেকে আলাদা করে ভাবতে পারি না। মাছ-ধান আর গানের দেশ হিসেবে পরিচিত সুনামগঞ্জের সুনাম বা গৌরবের অন্ত নাই। যার নামে নামকরণ সেই সুনামাদি কে ছিলেন জানি না। তবে আজ ভেবে অবাক হই, কেমন বিস্ময়কর ভাবে ব্যক্তিনাম জেলার নামের সাথে গুণবাচক ব্যঞ্জনা যোগ করে দিয়েছে।
আমার পরম তৃপ্তি, দূরে দূরে থাকলেও একটা বিশেষ সময়েÑ একাত্তরের মুক্তিযুদ্ধে, আমি সুনামগঞ্জেই থাকতে পেরেছিলাম। ইতিহাসের মহাসংকটে এই জেলার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুখ-দু:খ আর স্বপ্নের অংশ নিতে পেরেছিলাম। এই প্রাপ্তিটুকুই তো আমার জীবনের অহংকার। কৃতজ্ঞতার সঙ্গেই স্বীকার আর মনে করি এ পর্যায়ে সকল শ্রেণীর মানুষের সহযোগিতার কথা।
মুক্তিযুদ্ধ আমাকে পৌঁছে দিয়েছিল জেলার শীর্ষ নেতাদের কাছাকাছি। সর্বজন শ্রদ্ধেয় দেওয়ান ওবায়দুর রাজা, বরুণ রায়, হোসেন বখ্ত, আব্দুজ জহুর প্রমুখ বর্ষীয়াণ নেতাদের কেউ আর আজ আমাদের মাঝে নাই। এমন কি একাত্তরের একনিষ্ঠ কর্মী আলী ইউনূস আর একান্ত প্রীতিভাজন মমিনুল মউজদীনও আমাদের ছেড়ে গেছেন। সুনামগঞ্জের কথা মনে এলেই আমি এদের সকলের স্বপ্নের ছোঁয়া পাই। ওরা সকলেই সাধারণ মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে সুনামগঞ্জের সুনামকে উচ্চ থেকে উচ্চে তুলে ধরার সাধনায় জীবনপাত করে গেছেন। নেতৃত্ব আজ তরুণতর প্রজন্মের হাতে বর্তেছে। আমি আশাবাদী, পূর্বসূরিদের স্বপ্নই হবে তাদের প্রেরণা আর শক্তির উৎস।  
সুনামগঞ্জের খবর এর প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কথাগুলোকে সামনে আনা উদ্দেশ্যহীন নয়। নেহাত খবর পরিবেশনই খবরের কাগজের একমাত্র দায়িত্ব নয়। সাদা আর কালোর পার্থক্য স্পষ্ট করে পাঠকদের কল্যাণের পক্ষে দিশা দেখানোর কর্তব্যও তাকে পালন করতে হবে। আর এ ক্ষেত্রে প্রধান অবলম্বন হতে পারে পূর্বসূরিদের স্বপ্ন-স্মৃতি।  
সুনাম নিয়ে এগিয়ে চলার পথে একাত্তর আমাদের জন্য কেবল একটা মাইল ফলকই না, আলোকস্তম্ভ বা বাতিঘরও বটে। আজকের এবং আগামী দিনের প্রকাশনাকে সে আলো ছড়িয়ে দেয়ার দায়িত্ব বহন করতে হবে। চলমান অস্থিরতা সুনামগঞ্জের যে সুনামটিকে বেশি করে মনে করিয়ে দেয় তা হচ্ছে এইÑ এই জনপদ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সুবাতাসই  বহন করে এসেছে। অব্যাহত রাখতে হবে কল্যাণের এই ধারা। সুনামগঞ্জের খবর এ প্রত্যাশা পূরণ করবে এই আমার বিশ্বাস।
লেখক: বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক