সাব্বির-মিরাজের কাছে হেরে গেলেন সাকিব-মোসাদ্দেকরা

সু.খবর ডেস্ক
একদিকে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর ঢাকা ডায়নামাইটস দলে আরও আছেন মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন। রাজশাহী কিংসে আবার খেলছেন দুই অলরাউন্ডার সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের অলরাউন্ডার সংখ্যায় পিছিয়ে থাকলেও ম্যাচটি জিতেছে রাজশাহীই। ১১ বল বাকি থাকতে ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে এবারের বিপিএলে প্রথম জয় পেয়েছে রাজশাহী।
তবে রাজশাহীকে জয় এনে দিয়েছেন সামিত প্যাটেল। বোলিংয়ে ২০ রানে ২ উইকেট, ব্যাটে ২৫ বলে অপরাজিত ৪৪ রান করে জয়টা সহজ করে দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডারের কাছে। আর তাঁকে সঙ্গ দিয়েছেন সাব্বির রহমান।
সাব্বির করছেন টুক টুক ব্যাটিংয়ে, তাও আবার টি-টোয়েন্টিতে! প্রথম ১৪ রান করলেন ২১ বল খেলে। না, হঠাৎই সাব্বির তাঁর ব্যাটিংয়ের ধরন পাল্টাননি। শুধু সময়ের দাবি মিটিয়েছেন। মাথার ওপর থেকে চাপটা সরে যেতেই বল আর রানে ভারসাম্য এনেছেন। চতুর্থ উইকেটে যোগ্য সংগত দিয়েছেন প্যাটেলকে। সাব্বিরের ব্যাটিংয়ে যেন পরিণতের ছাপ।
সাব্বির-প্যাটেলের অসাধারণ ব্যাটিংয়ে এবার বিপিএলে অন্যতম ফেবারিট ডায়নামাইটসকে উইকেটে হারিয়েছে রাজশাহী। ঢাকার দেওয়া ১৩৯ রান তাড়া করতে নেমে ২৭ রানেই দুই ওপেনার রনি তালুকদার-মুমিনুল হক আউট হলেও সাব্বির-প্যাটেলের দৃঢ়তায় ঢাকার বোলাররা আর সুবিধা করে উঠতে পারেননি। জয় থেকে ১ রাব দূরে থাকা অবস্থায় আউট হয়েছেন ৩১ রানে।
অসাধারণ ব্যাটিংয়ের আগে প্যাটেল অবশ্য বোলিংয়েও দারুণ করেছেন। ২০ রানে তুলে নিয়েছেন ২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার তাঁর হাতেই উঠেছে।
ব্যাটিংয়ে ছোট্ট একটা ঝড়ই গেছে ঢাকার ওপর দিয়ে। চার বলের ব্যবধানে ড্রেসিংরুমে ফিরে গেছেন মাহেলা জয়বার্ধনে, মেহেদী মারুফ ও সাকিব আল হাসান। ১/৪৩ মুহূর্তেই ৪/৪৩ হয়ে গেছে! তবুও শেষ পর্যন্ত ঢাকার স্কোরটা যে ৫ উইকেটে ১৩৮ হয়েছে তাতে বড় অবদান মোসাদ্দেক হোসেনের।
একের পর এক কাট শটে মুগ্ধ করেছেন মোসাদ্দেক। ছয় চারের তিনটিই পেয়েছেন কাট করে। ইনিংসে তাঁর একমাত্র ছক্কাটিও কাট করে, মোহাম্মদ সামির অফ স্টাম্পের বাইরের শর্ট বলটা নিখুঁত টাইমিংয়ে পাঠিয়ে দিয়েছেন বাউন্ডারির ওপারে। রবি বোপারার সঙ্গে পঞ্চম উইকেটে ৫৪ ও ডোয়াইন ব্রাভোর সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪১ রান যোগ করেছেন মোসাদ্দেক। তাঁর উইকেটটি অবশ্য রাজশাহীর বোলাররা পাননি। অপরাজিত ছিলেন ৪৬ বল ৫৯ রান করে।