সামাজিক কূপমণ্ডুকতার বলি হয়েছে সখিনা

সমাজ বাস্তবতা পর্যবেক্ষণের বিষয়। এটি পাঠ করার বিষয়ও বটে। আমরা যে সমাজে বাস করছি সেই সমাজের রূপটি কী এর রকমফের কেমন তা না বুঝলে সমকালীনতা বুঝা দুস্কর। সমকালীনতা না বুঝলে প্রগতি উন্নয়ন ইত্যাদি ভাল ভাল লক্ষ্যগুলো অর্জন করাও সমান দুস্কর হয়ে উঠে। আমরা যারা শহরে বাস করি তারা শহরের কোন একটি খ- অংশ দেখেই মনে করি এটিই বোধ করি বাংলাদেশ। আসলে যে বিশাল বাংলাদেশের যে বিচিত্র বৈশিষ্ট সেটি আমাদের শহরবাসী অনেকেরই অজানা থাকে। শুধু যে শহরবাসীর অজানা থাকে তা নয় বরং সামাজিক উন্নয়ন নিয়ে যারা কাজ করেন তাদের অনেকেই সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে সমাজকে পাঠ করতে সমর্থ হন না। আর এ কারণেই জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই সময়েও নানা কুসংস্কার সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধে আছে। বিশেষ করে আমাদের গ্রামীণ সমাজটি যে কত ধরনের পশ্চাৎপদ অনুষঙ্গ দ্বারা আক্রান্ত তার স্বরূপ মাঝেমধ্যে চমকে যাওয়ার মতো আমাদের নাড়িয়ে যায়। এরকমই একটি সংবাদ প্রকাশিত হয়েছে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে। বিশ্বম্ভরপুর উপজেলার রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সখিনা খাতুনের জ্বর হয়েছিল। জ্বর-জারি ইত্যাদি মৌসুমী রোগ বালাই এখন আর তেমন ভয়ংকর কিছু নয়। সহজেই এর চিকিৎসা করানো যায়। এসব অসুখ এখন আর ভয়ংকর বিবেচনা করা হয় না। অথচ এমন মৌসুমি জ্বরই সখিনার প্রাণ কেড়ে নিল। না অসুখ কেড়ে নেয় নি। জ্বরের কারণে সখিনার মৃত্যু হয়েছে এটি বললে সত্যের অপলাপ করা হবে। বরং বলা যায় সমাজদেহে বাস করা ভয়ানক কুসংস্কার ও অপচিকিৎসার শিকার হয়েছে কচি মেয়েটি। জ্বর কমানোর জন্য সখিনার অভিভাবকরা কোন ডাক্তার অথবা চিকিৎসাকেন্দ্রে যায় নি। তাকে নিয়ে যাওয়া হয়েছে তথাকথিত কবিরাজের কাছে। সখিনাকে নাকি জ্বিনে ধরেছে। আর জ্বিন ছাড়ানো কোন ডাক্তারের কাজ নয়। জ্বিনের যম যে কবিরাজ এই বিশ্বাস সখিনার পিতার ষোল আনা। ফল হয়েছে কি? সখিনার অকাল মৃত্যু। এই মেয়েটি সুরেলা কণ্ঠের অধিকারী ছিল বলে জানিয়েছেন তার স্কুলের শিক্ষকরা। ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে’ গানটি সে এত দরদ দিয়ে গাইত যে সকলেই চমৎকৃত হয়ে যেত। পল্লীগীতি গেয়ে সে নিজের ও স্কুলের জন্য বেশ কয়েকবার পুরস্কার নিয়ে এসেছিল। এখন আর সখিনা গাইতে পারবে না। তার দেহের ময়না পাখি উড়ে গেছে। দূরে কোথায় কোন অজানায়…।
সখিনা যে গ্রামে বাস করে সেখানে আরও মানুষ বাস করে। রাষ্ট্রীয় কাঠামোর অনেক স্বাস্থসেবকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নানা কিসিমের লোকজনের আনাগুণা রয়েছে ওই গ্রামে। ৮-১০ দিন মেয়েটি বিছানায় শয্যাশায়ী ছিলো। এই সময়ের মধ্যে কারও নজর পড়লো না মেয়েটির চিকিৎসা না হওয়ার বিষয়টির উপর। তথাকথিত কবিরাজি চিকিৎসা করিয়ে যে জ্বর কমানো সম্ভব নয় সেই কথা বলার মতো একটি লোকের দেখাও মিলে নি। স্বাস্থ্যকর্মীরা তো নিয়ম করে সপ্তাহের নির্দিষ্ট দিনে এলাকা ভিজিট করেন। তাদেরও নজর এড়িয়ে গেল? নাকি তাদের এই এলাকা ভিজিটের বিষয়টি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে? স্কুলের শিক্ষকরাও খবর করলেন না স্কুল খোলার এক সপ্তাহেও কেন একটি মেয়ে ক্লাসে আসল না । মূলত এক চরম সামাজিক কূপম-ুকতার বলি হয়েছে সখিনা। এটুকু আমরা নির্দ্ধিধায় বলতে পারি।  
গ্রামীণ সমাজ কাঠামোয় লেগে থাকা এই অপবিশ্বাস কুসংস্কার দূর না করা পর্যন্ত কাক্সিক্ষত জাতীয় উন্নয়ন ঘটানো যে কিছুতেই সম্ভব নয় এটি বুঝতে হবে সকলকে। তাহলেই কেবল সখিনাদের এমন মৃত্যু রোধ করা সম্ভব।