সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দক্ষিণ সুনামগঞ্জে থানা পুলিশের প্রচারণা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রভাবে বিচ্ছিন্ন সমস্ত পৃথিবী। করোনা প্রতিরোধে এই মুহুর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখাকে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও সচেতনতা বাড়াতে প্রচারণা করে থানা পুলিশ। সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার পাগলা বাজার, পাথারিয়া বাজারসহ অন্যান্য বাজারগুলোতেও প্রচারণা চলে।
এসময় ওসি মোহাম্মদ হারুন অর রশিদ হ্যান্ড মাইকে সচেতনতামূলক কথা বলেন। তিনি বলেন, ‘করোনাভাইরাস নামক একটি ভাইারাসের প্রভাবে পৃথিবীতে মহামারি দেখা দিয়েছে। ইতালি, চীন, স্পেন, আমেরিকা ও ইংল্যান্ডসহ সব দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। আমাদের দেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের সকলকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।’

এসময় থানার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।