স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুল রহমান মিসবাহ বলেছেন,‘সবারই ভালো কিছু করার স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণের জন্য থাকতে হবে দৃঢ় প্রতিজ্ঞ। আমি বিশ্বাস করি একনিষ্ঠভাবে লেগে থাকলে তোমাদের স্বপ্ন একদিন সফল হবেই।’
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে রংধুনু সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘যে স্বপ্ন তারা পূরণ করতে পারেনি সেই স্বপ্ন অনেকে তাদের ছেলেদের দিয়ে জোরপূর্বক পূরণ করতে চান। সন্তানদের ইচ্ছা কি সেটা জানতে চান না। যা ছেলে-মেয়েদের স্বপ্নপূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। প্রত্যেক মা-বাবার উচিত তাদের ছেলে বা মেয়ে বড় হয়ে কি হতে চায় সেটা জানার এবং সেক্ষেত্রে সাফল্য লাভের জন্য সব সময় পাশে থাকা।’
নবগঠিত রংধনু সামাজিক সংগঠনের সভাপতি মোমেন মিয়ার সভাপতিত্বে ও হিয়া আক্তারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মকবুল হোসেন, অ্যাড. শায়েক আহমেদ, জমিনুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুখ আহমদ, ব্রাক প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
আলোচনার সভার আগে জেলার ৮টি বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণীর ১ম স্থান থেকে ৩য় স্থানধারী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ ও পথ শিশুদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আলোচনা সভার পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


