সার্চ কমিটি বিতর্কিত করলে ক্ষতি হবে বিএনপির: তোফায়েল

সু.খবর ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এতে দেশও ক্ষতিগ্রস্ত হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সন্তোষ প্রকাশ করে। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনার করেই সার্চ কমিটি গঠন করেছেন। তাই এর বিরোধিতা করা বিএনপির উচিৎ হয়নি। সার্চ কমিটিকে বিতর্কিত করলে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, ‘২০১৯ সালে নির্বাচন হবেই। তাই এভাবে তড়িৎ গতিতে মন্তব্য করা বিএনপির ঠিক হয়নি। সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে তাদের মধ্য থেকেই প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন গঠন করা হবে। সেই কমিশনের অধীনের নির্বাচন হবে। ওই নির্বাচনে তো বিএনপিও অংশ নেবে। তাই তাদের বিরোধিতা করা কি ঠিক হয়েছে?
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে সার্চ কমিটির সদস্যদের নাম শুনে ‘হতাশা’ ও ‘ক্ষোভ’ প্রকাশ করে বিএনপি। বুধবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্চ কমিটিতে যাদের নাম শোনা যাচ্ছে, তারা সবাই আওয়ামী লীগের পছন্দের লোক। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।’
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর বাংলাদেশ সরকার এদেশে অবস্থানরত সব জাপানির  নিরাপত্তার বিষয়ে যে সহায়তা করেছে তাতে তারা সন্তুষ্ট। তারা এ দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী।’
বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে ২৪০টি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। জাপান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এখন প্রায় আড়াই বিলিয়ন ডলার।
এ দেশের অর্থনৈতিক অঞ্চলে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।