স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সায়েন্স ক্লাবের উদ্যোগে শুক্রবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব হয়েছে। এতে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ৮০০ শিক্ষার্থী অংশ নেয়। জেলার তিনটি উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়। আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, সকালে জেলা শহরের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় এবং ছাতক উপজেলার মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। সুনামগঞ্জ সায়েন্স ক্লাবের সদস্যরা পরীক্ষা নেন। প্রতিটি শ্রেণির পাঠ্যবই থেকে প্রশ্ন করা হয়। সুনামগঞ্জের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা মিলে ২০১৫ সালে সুনামগঞ্জ সায়েন্স ক্লাব গঠন করেন। এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় তিন’শ। ২০১৬ সাল থেকে নিয়মিত জেলায়
গণিত উৎসব হচ্ছে এই সংগঠনের উদ্যোগে। এ ছাড়া সংগঠনের উদ্যোগে প্রতি বছর জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় অংশ নেওয়া হয়।
সুনামগঞ্জ সায়েন্স ক্লাবের পরিচালক মারজান আহমেদ জানান, শিক্ষার্থীদের মধ্যে গণিত নিয়ে এক ভীতি রয়েছে। মূলত শিক্ষার্থীদের এই গণিত ভীতি কাটাতে এবং গণিতের প্রতি আগ্রহী করতে তুলতেই প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের আমেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকেরা সহযোগিতা করে থাকেন। এবার জেলার তিনটি কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আগামী ১৫ জানুয়ারি ফল প্রকাশ হবে। পরে আনুষ্ঠানিকভাবে ৮০ জনকে পুরস্কৃত করা হবে।


