সিএনজি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

সোহানুর রহমান সোহান
সিএনজি অটোরিক্সা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের মৃত. তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন ও সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়ার আব্দুল আলিমের ছেলে শাহিনুর হোসেন।
শনিবার রাত ৩ টায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা জব্দ ও দুইজনকে গ্রেফতার করা হয়। আরেক আসামী সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার সামসুদ্দিন পলাতক আছে। এরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ।
রবিবার বিকেল সাড়ে ৪ টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রিপন কুমার মোদক।
তিনি বলেন, অন্যান্য চুরি কম থাকলেও সম্প্রতি সিএনজি অটোরিকশা চুরের একটি চক্র সক্রিয় হয়ে উঠে। এমন সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ এই চক্রকে ধরতে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে প্রথমে আসামীদের গ্রেফতার করা হয়। এরপর আসামীদের দেয়া তথ্য অনুযায়ী সিলেট থেকে একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। অন্যান্য আসামী গ্রেফতার ও গাড়ি উদ্ধারে পুলিশ কাজ করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ও ওয়ালী আশরাফ খাঁন (তদন্ত)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ সদর থানায় গত এক সপ্তাহে চুরি যাওয়া ৫ টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ থানায় গত এক বছরে চুরির মামলা হয়েছে ৩৩ টি। এরমধ্যে ২৮ টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার ও ৫৪ চোরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর দৈনিক সুনামগঞ্জের খবরে ‘শহরে সিএনজি অটোরিকশা চুরি বেড়েছে, রাত জেগে পাহাড়া দিচ্ছেন মালিক-চালকরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।