সিঙ্গাপুরকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

সু.খবর ডেস্ক
লিওনেল মেসি ছিলেন না। বিশ্রামে গঞ্জালো হিগুয়েইনও। তারপরও মঙ্গলবার প্রীতি ম্যাচে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনা ৬-০ গোলে স্রেফ উড়িয়ে দিলো সিঙ্গাপুরকে। কালাংয়ের সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে কোচ সাম্পাওলির দল ছিল অপ্রতিরোধ্য। আর কোচ আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে টানা দুই ম্যাচে জয়ের শতভাগ রেকর্ডই উপভোগ করলেন। এর আগে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তার দল ৯ জুন মেলবোন্যের প্রীতি ম্যাচে হারিয়েছিল ১-০ গোলে। সে ম্যাচে খেলেছিলেন মেসি।
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৫৭। সেই দলের বিপক্ষে আর্জেন্টিনার পক্ষে যারা গোল করেছেন তাদের বড় অংশের নাম আপনি নিশ্চয়ই খুব বেশি শোনেননি। গোলদাতারা হলেন ফেদেরিকো ফাজিও, হোয়াকুইন কোরিয়া, আলেজান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, লুকাস আলারিও ও আনহেল দি মারিয়া। দি মারিয়া ছাড়া সেই মাপের বড় তারকা বাকিদের কেউ নন।
২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাকি খেলাগুলো আসলে বড় পরীক্ষা আর্জেন্টিনার জন্য। দুইবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে। আছে বিপদেও। কারণ ওই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে যাবে মোট চার দল। এখনো আর্জেন্টিনার খেলা বাকি উরুগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের সাথে।