সু.খবর ডেস্ক
বিএনপি-জামায়াতের নেতৃত্বে চারদলীয় জোট সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্তত মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র-আইসিইউতে ভর্তি করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগীর মিয়া জানান, সোমবার বেলা একটার দিকে আরিফুলকে হাপাতালে ভর্তি করা হয়।
মেয়র আরিফুলের স্বজন আব্দুল্লাহ গুলজার জানান, আরিফুল হক উচ্চ রক্তচাপ ও অনিয়ন্ত্রিত ডায়বেটিকসের রোগী। গতরাতে তার অবস্থার অবনতি হয়। পরে আজ দুপুরে কারা কর্তৃপক্ষ তাকে হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে আরিফুল হক চৌধুরীর চিকিৎসা চলছে। এই চিকিৎসক ঢাকাটাইমসকে বলেন, ‘ওনার হার্টে আগে থেকেই দুটি বাল্ব লাগানো আছে। তার রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ জন্যই তাকে নিবিঢ় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড ছুড়ে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় বর্তমানে যাদের বিচার চলছে তাদের একজন মেয়র আরিফুল হক চৌধুরী। এই মামলায় অভিযোগপত্রে নাম আসার পর ২০১৫ সালের ৭ জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আরিফুলকে বরখাস্ত করা হয়।
এই মামলায় প্রথম জমা দেয়া প্রতিবেদনে আরিফুল হক চৌধুরীর নাম ছিল না। তবে ২০১৪ সালের ১৩ নভেম্বর সম্পূরক অভিযেদাগপত্রে যাদেরকে আসামি করা হয়, তাদের একজন আরিফুল হক চৌধুরী।
২০১৩ সালের জুনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত আরিফুল হক চৌধুরী।
- চেয়ারম্যান সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা
- ‘সরকারের জবাব পেলে নিশ্চয় ইউনেস্কো আশ্বস্ত হবে’


