সিলেট অফিস
সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহে ওরসের নিরাপত্তায় থাকা পুুলিশ সদস্যদের ওপর হামলা করেছে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত থেকে শুরু হওয়া হযরত শাহজালাল (রহ.) এর দরগাহের প্রধান ফটকের কাছে আম্বরখানা এলাকায় রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩৬ রাউ- রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুক কামাল সুফিসহ ১০ নেতা-কর্মীকে আটক করে। সুফির বাড়ি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে হামলায় আহত মহানগরের বিমানবন্দর থানার এসআই শাহিনউদ্দিন বাদী হয়ে আটক ১০জনসহ ১৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন। আটকৃকতদের মঙ্গলবার বেলা তিনটার দিকে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. সাইফুজ্জামান হিরো কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার (এসআই) ফজলে আজিম পাটওয়ারি জানান, আদালতের নির্দেশের পরপরই ১০জনকে জেলে পাঠানো হয়েছে।
মাসুদ কামাল ছাড়াও জেলে পাঠানো বাকি নয় নেতা-কর্মী হচ্ছেন, খলিলুর রহমান, রুবেল আহমদ, টিএম রায়হান, বিশ্বজিৎ দাস, শোয়েব আহমদ, জালাল উদ্দিন, শামসুর রহমান, আকিল আহমদ ও ডালিম আহমদ। এরমধ্যে মাসুদ কামাল (৩৫) ছাত্রলীগের সাবেক নেতা। তাঁর বাড়ি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে। বাকি নয়জন নগরের আম্বরখানা, করেরপাড়া, চৌকিদেখি ও সাগরদিঘিরপাড় এলাকার বাসিন্দা। সিলেট ছাত্রলীগে এঁরা ‘দর্শনদেউড়ি গ্রুপ’ হিসেবে পরিচিতি।
এর আগে গত ২১ জুলাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ জেল থেকে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় কারাগারের ফটকে কর্তব্যরত কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল জেলা ছাত্রলীগের একটি পক্ষ। এ ঘটনায় কেন্দ্র থেকে আটজন নেতাকে বহিস্কার করা হয়।
ওরসের নিরপত্তায় থাকা পুলিশের ওপর হামলার পরপরই রাতে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গত রাত থেকে শুরু হওয়া হযরত শাহজালাল (রহ.) এর দুদিনব্যাপী ওরস উপলক্ষে নগর পুলিশ পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এরমধ্যে আম্বরখানাকে কেন্দ্রস্থল নির্ধারণ করে সেখানে মহানগর পুুলিশের তিনটি থানা পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি অস্থায়ী নিরাপত্তা চৌকি বসানো হয়। রাত সাড়ে ১০ টার দিকে মাসুক কামালের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন চারটি মোটর সাইকেল নিয়ে আম্বরখানা দিয়ে দরগাহে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এ সময় মাসুদের সঙ্গে পুুলিশের তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে তাঁরা দর্শনদেউড়ি এলাকায় ফিরে যায়।
আধাঘন্টা পর ২০-২৫ জনের একদল যুবক আম্বরখানা এলাকা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের নিরাপত্তা বেস্টনি ভেঙে দরগাহ এলাকায় প্রবেশ করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এলোপাতাড়িভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়। এ সময় আম্বরখানা থেকে দরগাহ গেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দল সেখানে গিয়ে রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আম্বরখানা থেকে দর্শনদেউড়ি পর্যন্ত ব্লক রেইড দিয়ে পুলিশের ওপর হামলাকারী মাসুদ কামালসহ ১০জনকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
ছাত্রলীগের হামলায় আহত বিমানবন্দর থানার এসআই শাহিন ছাড়াও এএসআই আজিজ, ফরহাদ, কনস্টবেল মুসলেম, আলফাজ, ফয়জুলকে রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয়জনের শরীরে বিভিন্ন রকম জখম রয়েছে। কোনো কোনো পুলিশ সদস্যের পোশাকও ছিঁড়ে ফেলে হামলাকারীরা। রাত ১২টার দিকে হাসপাতালে গিয়ে আহত পুুলিশ সদস্যদের সঙ্গে কথা হয়। পিঠের চারটি স্থানে ক্ষত নিয়ে উপুড় হয়ে কাতরাচ্ছিলেন এক পুলিশ সদস্য।
২০০৪ সালে মাজারে ওরসের প্রথম রাতেই জঙ্গি হামলা হয়েছিল। এতে পাঁচজন মাজারভক্ত ঘটনাস্থলে নিহত ও ৫০ জন আহত হয়েছিলেন। এ ঘটনার পর থেকে প্রতি বছর ওরসে পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়া হয় জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়ায় ওরসের শান্তিপূর্ণ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েনি। এ হামলার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তদন্ত করা হচ্ছে।’
দরগাহ পাশের আবাসিক এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ছাত্রলীগের রাজনীতি ‘দর্শণদেউড়ি গ্রুপ’ এর মাধ্যমে নগর আওয়ামী লীগের এক নেতা নিয়ন্ত্রণ করেন। পুলিশ আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, আশপাশ এলাকা থেকে ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থলের দিকে এগোচ্ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় পুরো এলাকা রণক্ষেত্র আকার ধারণ করেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী পাঁচজনকে আটক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সিলেটে ছাত্রলীগের দর্শনদেউড়ি গ্রুপের নেতৃত্বে থাকা সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার দাবি করেন, এরা আগে দর্শনদেউড়ি গ্রুপের হলেও এখন নেই। এ ছাড়া পুলিশের ওপর এ ধরনের হামলার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ।
মঙ্গলবার সকাল নয়টা থেকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ঐতিহ্যবাহী গিলাফ ছাড়ানোর মধ্যে দিয়ে শুরু হয়েছে ওরসের মূল পর্ব। আজ বুধবার ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দুই রাতের বার্ষিক ওরস।


