দোয়ারাবাজার প্রতিনিধি
শনিবার রাতে সিলেটে খুন হওয়া মান্নারগাঁও ইউনিয়নের চন্ডিপুর লামাগাঁও গ্রামের যুবক মিসবাহ উদ্দিনের লাশের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। নিহত মিসবাহ উদ্দিন জার্মান প্রবাসী রহমত উল্লার পুত্র।
তিন বোনের একমাত্র ভাই মিসবাহ উদ্দিনকে হারিয়ে তার পরিবারে চলেছে শোকের মাতম। মিসবাহ উদ্দিনের খুনীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও
তার পরিবার।
জানা যায়, মিসবাহ উদ্দিন সিলেট মহানগরীতে মজুমদারী কোনাপাড়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থেকে পড়াশুনা করত। সে সিলেট কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল। গত রমজান মাসে কবির হোসেন নামে এক যুবকের সাথে শহরের জিন্দাবাজারের কাজী ম্যানশন মার্কেটে কথাকাটি ও হাতাহাতি হয়। ওই সময় মার্কেট পরিচালনা কমিটি তাদের সংঘাতের বিষয়টি নিষ্পত্তি করে দেন। পূর্বের ঘটনার জের এ তাকে খুন করা হতে পারে বলে পরিবারের ধারনা।


