সিলেট অফিস
সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র খালেদুজ্জামান খালেদ (২০)কে অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় হত্যা মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এ রায় দেন।
যাবজ্জীবন দ-প্রাপ্তরা হচ্ছেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তম চন্দ্র গ্রামের হুমায়ুন কবির (২৬), গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ফাহিম আহমদ (২৬) ও জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের মুকিত আল মাহমুদ (২৩)।
মামলায় অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত বেকসুর খালাস দিয়েছেন। এঁরা হচ্ছেন, যাবজ্জীবন দ-প্রাপ্ত হুমায়ুনের মা রিনা বেগম, তাঁর বোন লাকি বেগম ও ডলি বেগম, বিয়ানীবাজারের সাইব উদ্দিন, গৌছ উদ্দিন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) শামসুল ইসলাম প্রথম আলোকে জানান, দ-প্রাপ্ত তিন আসামিই কারাগারে রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খালেদুজ্জামানকে ২০১৪ সালের ২১ জুলাই সিলেট নগরের বন্দরবাজার থেকে অপহরণ করা হয়। অপহরণের পর ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় তাঁর বাবা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের বাসন্দিা ছালেহ আহমদের কাছে। মুক্তিপণের টাকা না দেওয়ায় খালেদুজ্জামানকে হত্যা করা হয়। ২৫ জুলাই ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মুখে স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় খালেদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় খালেদুজ্জামানের বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মো. বদরুজ্জামান মামলার তদন্ত করে ওই আটজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ওই বছরের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠন হয়। মামলার মোট ৩৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
- জয়নগরে কেয়ার-জিএসকে কমিউনিটি হেলথ ওয়ার্কার ইনিশিয়েটিভ’র সভা
- শাল্লার হবিবপুর ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা


