বিশেষ প্রতিনিধি, সিলেট থেকে
নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের চারজন সদস্যকে জঙ্গি সন্দেহে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) এর সদস্যরা। বুধবার দুপুরে সিলেটের আদালতের ফটক থেকে চারজনকে আটক করা হয়। এদের মধ্যে দিরাই পৌরসভার একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলরের সন্তানও রয়েছেন।
বুধবার সন্ধ্যায় যোগযোগ করলে র্যাব-৯ এর মুখপাত্র (গণমাধ্যম) মেজর ফখরুল ইসলাম খান চারজন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। চারজনই নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য। জঙ্গি-তৎপরতার অনুসন্ধনের স্বার্থে চারজনের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে বলে তিনি জানান।
আদালত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে র্যাব জানায়, ২০১৪ সালে পুলিশের ওপর হিজবুত তাহরীর হামলার ঘটনায় আদালতে বিচার চলমান একটি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল বুধবার। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে চারজন ফেরার সময় আদালতের ফটক থেকে র্যাবের সাদা পোষাকধারী একটি দল চারজনকে আটক করে নিয়ে যায়।
আটক চারজনের একজন একজন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর’র ছেলে তিনি। যোগাযোগ করলে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জানান, হিজবুত তাহরীর সদস্য হিসেবে তাঁর ছেলে গ্রেপ্তার হলে পরে জামিনে মুক্তি পায়। বর্তমানে জামিনে রয়েছে। গতকাল মামলার সাক্ষ্য গ্রহণের তারিখে আাদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আদালত থেকে বের হওয়ার সময় তিনিও ছেলের সঙ্গে ছিলেন। এ সময় সাদা পোশাকধারীরা তাঁর ছেলেসহ আরও তিনজনকে নিয়ে যায়।
- কর্তৃপক্ষের দাবি পুরাতন লাইনই মূল সমস্যা চরম বিদ্যুৎ ভোগান্তি দিয়েই দিনের শুরু
- সিরিজ জিতলো মাশরাফি-মুশফিকরা


