স্টাফ রিপোর্টার
সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান বলেছেন,‘ দেশের অন্যান্য এলাকায় শস্যের নিবিড়তা বৃদ্ধি কাঙ্খিতভাবে অর্জিত হচ্ছে না। তবে আগের চেয়ে অনেক বেড়েছে। কৃষি বিভাগ চেষ্টা করে যাচ্ছে অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনার। আগের চেয়ে অনাবাদী জমির চাষাবাদ, ফসলের উৎপাদন ও
নিবিড়তা বৃদ্ধি পেয়েছে। কৃষি জমির চাষাবাদ বাড়ছে। তবে ধানের পাশাপাশি অন্য ফসলের চাষাবাদ বাড়াতে হবে। সুনামগঞ্জের ভুট্টার ফলন ভাল হচ্ছে। একই জমিতে ধানের চাইতে অনেক বেশী হচ্ছে ভুট্টা। তাই আগাম জাতের ভুট্টা চাষাবাদে কৃষকদের উৎসাহিত করতে হবে।’
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “শস্যের নিবিড়তা বৃদ্ধির কৌশল” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জেলা-উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক মো. জাহেদুল হকের সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা, বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মজহারুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা রহমান ছানা, জগন্নাথপুর উপসহকারি কৃষি কর্মকর্তা তপন চন্দ্র শীল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা টিটু তালুকদার, দৈনিক প্রথমআলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান প্রমুখ।
সেমিনারে “শস্যের নিবিড়তা বৃদ্ধির কৌশল” শীর্ষক মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। নতুন বিভিন্ন জাতের ধান ও উদ্ভাবনী ফসলের জাত তুলে ধরেন বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।


