সিলেট জেলা ও মহানগর আ.লীগে নতুন নেতৃত্ব

সু.খবর ডেস্ক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে এডভোকেট লুৎফর রহমানকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন নাসির উদ্দিন খাঁন। বৃহস্পতিবার বিকেলে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মলনে নতুন নেতৃত্ব হিসেবে তাদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে নিজেদের মধ্যে সমঝোতার জন্য শীর্ষ দুই পদের ৩২ প্রার্থীকে ২০ মিনিট সময় দেওয়া হলে তারা বিষয়টি নেত্রীর উপর ছেড়ে দেন। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের সাথে পরামর্শ করে নতুন কমিটি ঘোষণা করেন।
এদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক জাকির হোসেন।
বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি প্রার্থীদের তালিকা তুলে ধরেন। তালিকা অনুযায়ী, জেলার সভাপতি ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন। অপরদিকে মহানগরে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১২ জন প্রার্থীর নাম উল্লেখ করেন। পরে তাদেরকে ২০ মিনিট সময়ের মধ্যে জেলা ও মহানগরের প্রতিটি পদের বিপরীতে দুজন করে প্রার্থী হবার জন্য বলেন। তা না হলে কেন্দ্রের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।
প্রায় আধাঘন্টা পর কাউন্সিল অধিবেশন শুরু হলে সমঝোতা না হওয়ায় নেতৃবৃন্দ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন বলে জানান। এসময় ওবায়দুল কাদের শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।
সূত্র : সিলেট ভয়েস