সিলেট-সুনামগঞ্জ সড়ক নিয়ে কিছু দিন পর পরই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বর্তমান আওয়ামী লীগ সরকার এই রাস্তাটির ব্যাপক উন্নয়ন করেছেন। একযোগে ১১ টি সেতু নতুন করে নির্মাণ করা হয়েছে। এই সড়কের ব্যাপক সংস্কার কাজও করা হয়েছে এই সময়ে। তার পরেও সুনামগঞ্জ থেকে সিলেট যেতে দেড় ঘণ্টার পরিবর্তে এখন দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে। তাছাড়া সড়কের বিভিন্ন স্পটে ঝুঁকি নিয়ে যানবাহনকে চলাচল করতে হয়। এর কারণ কী? গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এই সড়কের উপর পরিবেশিত একটি সংবাদে তার কিছু চিত্র ফুটে উঠেছে। সংবাদ অনুসারে দেখা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রশস্ততা বিভিন্ন স্পটে অনেক কম। এসব জায়গায় যানবাহনকে ক্রসিং করতে সমস্যা হয়। গতি কমিয়ে চলাফেরা করতে হয় এসব স্থানে। যেসব জায়গায় সড়কের প্রস্থ কম তার মধ্যে সুনামগঞ্জ থেকে পাগলা বাজার পর্যন্ত এলাকা অন্যতম। দেখার হাওরের পাশ দিয়ে যাওয়া সড়কের এই অংশে মূল সড়কের দুই দিকের মাটি ধসে গিয়ে যানবাহন চলাচলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এছাড়া পাগলাবাজার, জাউয়াবাজার ও গোবিন্দগঞ্জ বাজারে সড়কের দুইপাশে দোকানপাট, যান ও জনজট লেগে থাকায় এসব জায়গা অতিক্রম করতে যানবাহনকে প্রচুর সময় ব্যয় করতে হয়। অন্য সমস্যাগুলো হলো সড়কে প্রচুর পরিমাণে সিএনজি ও অটোবাইকের চলাচল। এসব ক্ষুদ্রাকৃতির যানবাহনের আধিক্যের কারণে বড় গাড়িগুলো নির্দিষ্ট গতিতে চলাচল করতে পারে না। এছাড়া সিলেট-সুনামগঞ্জ লাইনে ভাল মানের কোন বাস চলাচল করে না। বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেছেন, রাস্তার কারণে ভাল মানের বাস রাস্তায় নামানো যাচ্ছে না। সুনামগঞ্জ থেকে বহির্গমনের একমাত্র রাস্তাটির এইসব সমস্যা সুনামগঞ্জবাসীর জন্য দুর্ভোগের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সকলে এই অবস্থা থেকে পরিত্রাণ চান। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে এই সড়কের গড় প্রস্থ ১৮ ফুট। সড়কের দুই দিকে আরও ৩ ফুট করে পাকা রাস্তা বর্ধিতকরণের জন্য ১৪০ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে যা ২০১৬ সন থেকে শুরু হওয়ার কথা। জানা গেছে এই প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। এখন দরপত্র মূল্যায়নের কাজ চলছে। প্রকল্প কাজের ধীর গতি আমাদের দেশের আরেক সমস্যার নাম। এমনও হতে পারে এই প্রকল্প কাজ যখন শুরু হবে তখন রাস্তাটির আরও বেশ কিছু সমস্যা নতুন করে দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সনে সুনামগঞ্জ সফরকালে সিলেট-সুনামগঞ্জ সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ঘোষণা দেয়ার পর ৭ বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নের কোন লক্ষণ নেই। সিলেট-সুনামগঞ্জ সড়কটি গুরুত্বের দিক থেকে প্রথম সারির। এই সড়কে শুধু সিলেট-সুনামগঞ্জ অংশেই চার শ’ বাস চলাচল করে। ঢাকা ও অন্যান্য রুটে আরও প্রায় শতাধিক বড় বাস চলাচল করছে। এছাড়া ট্রাকসহ অন্যান্য পরিবহন তো রয়েছেই। পুরো জেলার বহির্গমনের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ ও প্রচুর পরিমাণ পণ্য পরিবহন করা হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবহেলায় পড়ে থাকা দুর্ভাগ্যজনক। আর অবহেলা বলব কেন? সরকার তো রাস্তার উন্নয়ন করছেন। সড়ক প্রশস্তকরণের জন্যও বরাদ্দ দিয়েছেন। এখন দরকার দ্রুত কাজ শুরু করা। সরকারের বাইরে পরিবহন মালিকদের দায়িত্ব হলো এই সড়কে আরও ভাল মানের যানবাহন নামানো। আমরা আশা করব গুরুত্বপূর্ণ এই সড়কটি যাতে আরও অনেক বেশি যাত্রীবান্ধব হয়ে উঠে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
- সুনামগঞ্জ-সিলেট সড়ক: অপ্রশস্ত- সড়কে ঝুঁকিতে চলাচল সময় লাগছে বেশি
- অস্তিত্ব হারাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা বাঁচিয়ে রাখতে প্রয়োজন গ্রামীণ ক্রীড়া ফেডারেশন

