সু.খবর ডেস্ক
সিলেট-৩ আসনে উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।
এর আগে, শনিবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।
জানা যায়, সিলেট-৩ আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ২৫টি। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সদ্য প্রয়াত সাংসদের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরীও ছিলেন।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ সংসদীয় আসন। এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন গত ২ জুন এ তিনটি আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপ-নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুননির্ধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
হাবিবুর রহমান হাবিব বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি এক যুগ আমি মানুষের পাশে ছিলাম। সিলেট-৩ আসনের জনগনের সাথে আছি। আজ এর মূল্যায়ন পেয়েছি।
তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সব সদস্যের কাছে চির কৃতজ্ঞ। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি এই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। অপর মনোনয়ন প্রত্যাশীদের প্রসঙ্গে হাবিবুর রহমান হাবিব বলেন, যারা মনোনয়ন চেয়েছিলেন তারা সকলেই যোগ্য। তারা সবাই আমার নেতা। উনারা প্রায় সবাই আমার সিনিয়র। তাদের সকলকে নিয়েই আমি কাজ করবো।
আগামীকাল সিলেট আসবেন জানিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্তা ও ভালোবাসা দেখিয়েছেন, তার প্রতিদান দিতে পারি।
সূত্র : সিলেটটুডেটুয়েন্টিফোর.কম


