স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুদের মাসিক কিস্তি পরিশোধ করতে না পারায় দেনাদারের বসতঘর থেকে খাটপালং ও বিছানাপত্র নিয়ে গেছে সুদখোর মহাজন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পাতারী গ্রামের বিধবা জায়েদা বেগমের বাড়িতে।
জায়েদা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে পাতারী গ্রামের সুদখোর মহাজন স্বপ্না বেগমের নিকট থেকে প্রতি মাসে দুইশত পঞ্চাশ টাকা সুদ দেয়ার শর্তে পঁচিশশত টাকা নেন একই গ্রামের বিধবা জায়েদা বেগম। জানুয়ারি মাসের সুদ দুইশত পঞ্চাশ টাকা পরিশোধ করতে না পারায় তাদের বসতঘর থেকে খাটপালং ও বিছানাপত্র জোরপূর্বক নিয়ে যান স্বপ্না বেগম।
জায়েদা বেগম আরো জানান, তারা সুদের টাকা পরিশোধ করতে না পারায় গত চার/পাঁচদিন ধরে ঘর থেকে বের হতে পারছেন না। শনিবার তারা ঘরের পিছন দিয়ে বেরিয়ে এ সংক্রান্ত বিষয়ে তাহিরপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
বালিজুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য একরামুল ইসলাম বলেন, পাতারি গ্রামের স্বপ্না বেগম এর নেতৃত্বে ১০ জনের সমন্বয়ে একটি সমিতি রয়েছে। ওই সমিতির নেতৃত্ব দেন স্বপ্না বেগম। তাদের সমিতির কয়েক লক্ষ টাকা আছে। সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে তাদের উপর নেমে আসে নানান ধরনের অত্যাচার। জায়েদা বেগম আমাকে বিষয়টি জানানোর তাদের আরো বেশী চড়াও হয় স্বপ্না বেগম।
অভিযুক্ত স্বপ্না আক্তার খাটপালং ও বিছানাপত্র নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, কিস্তির টাকা দিতে পারে না বিধায় খাটপালং ও বিছানাপত্র নিয়ে আসছি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ সংক্রান্ত বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


