সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবি জানালো বিএনপি

স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে বন্যা দুর্গত মানুষদের পাশে দেখা যায় নি। সুনামগঞ্জের জেলা প্রশাসকের এমন বক্তব্যের নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জাতীয়দাবাদী দল (বিএনপি)। সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কথা বলার সময় এই নিন্দা জানান। বন্যা ও পাহাড়ী ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জ জেলাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সরকার দুর্যোগ মোকাবেলায় দক্ষতার পরিচয় দিতে পারে নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসের সংবাদ সম্মেলনের বক্তব্য শুনে দ্বিধান্বিত হয়েছেন, তিনি একজন সরকারি কর্মকর্তা, না কি সরকারি দলের জেলা কমিটির নেতা তার বক্তব্য থেকে এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। এই দুর্যোগময় মুহূর্তে সর্বদলীয় বৈঠক ডেকে দুর্গত মানুষের পাশে ব্যাপক ভিত্তিতে দাঁড়ানোর সুযোগ তৈরির পরিবর্তে প্রেস ব্রিফিংয়ে তিনি বারবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের গুণকীর্তণ করেছেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বিএনপি অত্যন্ত দৃঢ়তার সাথে ও ঘৃণাভরে জেলা প্রশাসকের এমন অসত্য বক্তব্য প্রত্যাখ্যান করছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসক বন্যায় কেবল একজন ফেরারি আসামীর মৃত্যুর তথ্য জানিয়ে, আরেকটি অসত্য প্রচারের অপচেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

ডিসির মন্তব্যের নিন্দা জানালেন সংগঠনের নেতারা


জেলা প্রশাসক গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন, ৪ দিন পর প্রতিক্রিয়া জানানোয় হলো কেন, গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন দাবি করলেন, বন্যার শুরু থেকে দুর্গত মানুষদের ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করছেন তারা। এজন্য প্রতিক্রিয়া জানাতে সময় লেগেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। এসময় জেলা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদীর আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, সেলিম আহমদ, আবুল কালাম, জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত, দলীয় নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামনুর রশিদ কয়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।