স্টাফ রিপোর্টার
পরিবারের সদস্য মনে করে সকল রোগীদের সেবা দিতে নার্সদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, হাসপাতালে যে সকল রোগীরা আসবে তাদের আপনারা বাবা-মা, ভাই-বোন মনে করে সেবা দিবেন। সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিজেরা নিয়োজিত থাকবেন।
মোহাম্মদ নাসিম মঙ্গলবার দুপুরে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে নবনিযুক্ত নার্সদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পিএসপির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবাস চন্দ্র সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা সরোওয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
মহান বিজয়ের মাসে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। তাই আপনারা জনগনের সেবক হিসাবে গভীর দেশপ্রেম, ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে রোগীদের সেবা করবেন।
দেশের মানুষের সেবাই নার্সদের প্রধান দায়িত্ব এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এ লক্ষ্য থেকে আপনাদের বিন্দুমাত্রও বিচ্যুত্ হওয়া চলবে না। কেননা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার প্রতিটি পয়সা এ দেশের সাধারণ মানুষের। তাই আপনারা রোগীদের মায়ের আদর, বোনের ভালবাসা নিয়ে সেবা দিবেন।
২০১৯ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবেন এমন আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, আর এক ার শেখ হাসিনা দেশ পরিচালনার সুযোগ পেলে, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হবে। এদেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে।
এর আগে মন্ত্রী সারাদেশের বিভিন্ন জেলায় নতুন যোগদানকৃত নার্সদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সঠিক ভাবে রোগীদের সেবাদিতে নার্সদের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্র্সের ১ম ব্যাচের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রাজশাহী নার্সিং কলেজের নাসিমা খাতুনের হাতে সনদ তুলে দেন।
গত ১৫ ডিসেম্বর সারদেশে নতুন ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, সুনামগঞ্জ এবং গাজীপুরের সিভিল সার্জনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় বলেন,‘স্যার সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় চিকিৎসক সংকট রয়েছে। আমরা যেভাবে অধিক সংখ্যক নার্স পেয়েছি, ঠিক একইভাবে আমাদের ডাক্তার প্রয়োজন। আপনার পাশে আমাদের সুনামগঞ্জের কৃতী সন্তান, আমাদের বড় ভাই পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক রয়েছেন। আমি আপনার কাছে এবং পিএসসি’র চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি ডাক্তার নিয়োগ দিয়ে চিকিৎসক সংকটের অবসান ঘটাবেন আপনারা’।


