সুনামগঞ্জের অনেক কিছু নিয়ে গবেষণা হতে পারে-ড. মোহাম্মদ সাদিক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জকে নিয়ে আমরা গর্ব করি। আমরা সব সময়ই প্রান্তিকে ছিলাম, এখনো আছি। এটার সুবিধা হলো এতে আমরা আমাদের ঐতিহ্য, সুনাম, সম্মান ধরে রাখতে পেরেছি। আমাদের অনেক কিছু আছে যা নিয়ে গবেষণা করা যায়।
সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বুধবার সন্ধ্যায় সুধীজনদের সঙ্গে এক অন্তরঙ্গ আড্ডায় এসব কথা বলেন হাওর জনপদ সুনামগঞ্জের কৃতি সন্তান, কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
এতে শহরের লেখক, কবি, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ঘরোয়া এই আলোচনায় আরও বলেন, আমাদের হাওরের জীবন, হাওরের প্রকৃতি, পরিবেশ, এখানকার মানুষের ভাষা, চাল—চলনে নানা বৈচিত্র আছে। আমাদের কবি, সাধক, ফকিরদের সহজিয়া জীবন ছিল। নিশ্চয়ই এসব নিয়ে একদিন গবেষণা হবে।
সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক হাছন রাজার জীবন—দর্শন নিয়ে আলোকপাত করেন। বলেন, সুনামগঞ্জে আরও বড় বড় জমিদার ছিলেন। আমরা হাছন রাজার জমিদারি নয়, তাঁর ভাবের উত্তরাধিকার। তাঁর মাঝে এক ধরণের সারল্য ছিল, প্রেম ছিল। এই হাছন রাজাকে আমরা স্মরণ করি। মহান মুক্তিযুদ্ধ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে কোনো আপস নেই বলে মন্তব্য করেন মোহাম্মদ সাদিক। তিনি বলেন, আমরা বীবের জাতি। লড়াই করে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের দেশপ্রেম, সততা ও সাহস থাকতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, লাইব্রেরির সাধারণ সম্পাদক সাংবাদিক—আইনজীবী খলিল রহমান। বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন লেখক সুখেন্দু সেন, কবি ও আইনজীবী রোকেস লেইস, কবি ইকবাল কাগজী, আইনজীবী—সাংবাদিক আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, কবি ও আইনজীবী রুহুল তুহিন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, আইনজীবী এনাম আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব উজ্জ্বল মেহেদী, লেখক—গবেষক কল্লোল তালুকদার, আইনজীবী মাহবুবুল হাসান শাহীন ও শাহ আলম মহিউদ্দিন, সমাজকর্মী শাহাদাত পুরকায়স্থ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষক এনামুল কবির, মশিউর রহমান ও অনুপ নারায়ণ তালুকদার, সাংবাদিক ও কবি শামস শামীম, লাইব্রেরির সহসভাপতি শওকত আলী, সাংবাদিক আইনজীবী এ আর জুয়েল, লাইব্রেরি সহসাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, লেখক এস ডি সুব্রত, সাংবাদিক আসাদ মনি, ইয়াকুব শাহরিয়ার, মোশফিকুর রহমান প্রমুখ।