সুনামগঞ্জে আসা টিসিবির এতো পণ্য যায় কোথায়

বিশেষ প্রতিনিধি
টিসিবি’র পণ্যের মূল্য বাজার দরের চেয়ে অপেক্ষাকৃত কম। এজন্য স্বল্প আয়ের মানুষের ভিড় টিসিবির ট্রাক ঘিরে। সুনামগঞ্জের পুরাতন ১৫ টিসিবির ডিলার পর্যায়ক্রমে মালামাল তুলে বিক্রি করছেন। বৃহস্পতিবার নতুন আরও ৩ ডিলারকে টিসিবির শেরপুর অফিস থেকে মালামাল দেওয়া হয়েছে। নতুন পুরাতন মিলে বৃহস্পতিবার ৭ ডিলার মালামাল তুলেছেন।
টিসিবির সিলেট বিভাগীয় অফিসের (শেরপুর অফিস) দায়িত্বশীলরা জানান, সুনামগঞ্জ শহরে পুরো রমজান মাসে প্রতিদিন দুই ডিলারকে মালামাল বিক্রির জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ ১৪০০ কেজি চিনি, ১২০০ কেজি ডাল এবং ২৪০০ লিটার তেল, ১২০০ কেজি ছোলা, ২০০ কেজি খেজুর এবং ১০০০ কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন বলেছেন, এতো পণ্য যায় কোথায়, প্রতিদিন দুই ডিলারকে শহরে পণ্য বিক্রি করতে কমই দেখেছেন স্থানীয়রা।
পহেলা এপ্রিল থেকেই টিসিবির পণ্য কিনতে ভিড় ছিল ক্রেতাদের। ক্রেতাদের চাহিদা মেঠাতে পারেন নি ডিলাররা।
টিসিবির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইসমাইল মজুমদার বললেন, সুনামগঞ্জ শহরে পণ্য বিক্রির জন্য শুক্রবার ছাড়া প্রতিদিন ২ জন ডিলারকে পণ্য দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, ছাতক, শাল্লা ও দোয়ারাবাজার উপজেলা সদরে সপ্তাহে একজন ডিলারকে বিক্রির জন্য পণ্য প্রদান করা হয়।
সুনামগঞ্জ শহরের নবীনগরের বাসিন্দা মঈনুদ্দিন বললেন, প্রতিদিন ২ জন ডিলারকে সুনামগঞ্জ শহরে বিক্রির জন্য পণ্য দেওয়া হয়ে থাকলে টিসিবির ডিলারের ট্রাকে এতো ভিড় হবার কথা ছিল না। সুনামগঞ্জের দোয়ারাবাজারের একজন ডিলার নামোল্লেখ না করার অনুরোধ করে বললেন, মালামাল টিসিবি থেকে তুলে প্যাকেট করে শহরে বিক্রি হচ্ছে কী না, এসব মনিটরিং করা জরুরি। আবার টিসিবি অফিস থেকে মালামাল সুনামগঞ্জের নামে তুললেও সুনামগঞ্জে এসেছে কী না মালামাল সেটিও মনিটরিং রাখতে হবে।
দোয়ারাবাজারের বিনয় ট্রেডার্সের মালিক টিসিবি ডিলার বিনয় চক্রবর্তী বললেন, আমাকে সুনামগঞ্জ শহরে বিক্রয়ের জন্য সপ্তাহে ২ দিন মালামাল দেওয়া হয়েছে। আমি মালামাল তুলে বিক্রির সময় শহরের অনেক দায়িত্বশীলদেরও ফোন করে বলেছি এসে দেখার জন্য।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বাজার শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মেহেদী হাসান বললেন, আমার জানা মতে সুনামগঞ্জ শহরে সপ্তাহে ২ থেকে ৩ দিন টিসিবির মালামাল বিক্রয় হয়েছে।
টিসিবির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ইসমাইল মজুমদার বললেন, বৃহস্পতিবারও সুনামগঞ্জের ৭ জন ডিলারকে টিসিবির চিনি, তেল এবং ডাল দেওয়া হয়েছে। চিনি ও ডাল প্রতি কেজি ৫৫ এবং সোয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা বিক্রয়ের কথা। মালামাল উত্তোলনকারী ৭ ডিলারের মধ্যে নজরুল ট্রেডার্স, লেইছ এন্টার প্রাইজ এবং মেহেদী এন্টারপ্রাইজ সুনামগঞ্জ শহরে এবং শমসের এন্টারপ্রাইজ ছাতক, লামিয়া ট্রেডার্স বিশ^ম্ভরপুর, ঋদ্বিক ট্রেডার্স দক্ষিণ সুনামগঞ্জ এবং আলী ভেরাইটিজ ছাতকে মালামাল বিক্রয়ের কথা। তারা মালামাল সঠিকভাবে ক্রেতাদের দিচ্ছে কী না, সেটি দেখভাল করবেন স্থানীয় প্রশাসন। কেউ অনিয়ম করলে তারাই ব্যবস্থা নেবার কথা।