সুনামগঞ্জে এফএম রেডিও চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে এফএম রেডিও স্টেশন চালুর অনুমোদন দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এজন্য দেড় একর জমি চেয়ে সোমবার জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এফএম রেডিও সম্প্রচার প্রবর্তন ২য় প্রকল্পের আওতায়     সুনামগঞ্জে এফএম রেডিও চালু’র সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা সদরে এজন্য এক দশমিক ৫০ একর জমি প্রয়োজন হবে। বিদ্যুৎ- টেলি যোগাযোগ সহজলভ্য এমন এক দশমিক ৫০ একর জমি বাছাই করে মন্ত্রণালয়ে চিঠি দেবার জন্য অনুরোধ করা হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এমন চিঠি পাবার কথা জানিয়ে বলেন, ‘এ ব্যাপারে কয়েক দফা যোগাযোগ করেছিলাম আমরা। সর্বশেষ সুনামগঞ্জের কৃতী সন্তান মাননীয় তথ্য সচিব মহোদয়কেও অনুরোধ জানিয়েছিলাম। মাননীয় তথ্য সচিবই উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন।’