সুনামগঞ্জে টেক্সটাইল ইন্সটিটিউট হচ্ছে মন্ত্রণালয় ভূমি নির্বাচনের জন্য চিঠি পাঠিয়েছে

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জে একটি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমকে পশ্চাৎপদ সুনামগঞ্জে একটি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপনের অনুরোধ জানিয়ে ডিও লেটার পাঠিয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপিকে গত পহেলা ফেব্রুয়ারি দেওয়া ডিও লেটারে উল্লেখ করেছেন- ২০২১ সালে বাংলাদেশে টেক্সটাইল সেক্টরে দুই লাখ ৭০ হাজার দক্ষ জনবল প্রয়োজন হবে। কিন্তু বর্তমান এই কাজের জনবল তৈরির জন্য যেসব প্রতিষ্ঠান চালু আছে, সেসব প্রতিষ্ঠান হতে ৮৭ হাজার ৯৫০ জন কর্মী বের হবে। এই ঘাটতি পূরণের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সারা দেশে পর্যায়ক্রমে টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, টেক্সটাইল ইন্সটিটিউট ও টেক্সটাইল কলেজ স্থাপনের কাজ শুরু করেছে। সুনামগঞ্জ বাংলাদেশের একটি পশ্চাৎপদ অঞ্চল। এ অঞ্চলে ইতোপূর্বে কোন টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন করা হয়নি। দেশের উন্নয়ন অগ্রগতিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এবং এই এলাকার শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে দেশের উন্নয়নের কাজে অংশীদার করার জন্যে সুনামগঞ্জ জেলায়  একটি টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রীকে এই বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
এই ডিও লেটার পাঠানোর পর বস্ত্র পরিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সুনামগঞ্জ জেলায় একটি টেক্সটাইল ইনস্টিউট স্থাপন করার বিষয়ে বস্ত্র মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান। একই সঙ্গে পিডব্লিউডি’এর রেইট সিডিউল-২০১৪ মোতাবেক কাজের ব্যয় প্রাক্কলণ নির্ধারণ করে প্রেরণের জন্যও অনুরোধ করেন।
একই তারিখে টেক্সটাইল ডিপ্লোমা ইন্সটিটিউট স্থাপনের জন্য সুনামগঞ্জ জেলায় পাঁচ একর ভূমি নির্বাচন ও সম্ভাব্য মূল্য অবহিত করণের জন্য জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবরেও চিঠি পাঠানো হয়।
সুনামগঞ্জের সন্তান ঢাকার বিশিষ্ট গার্মেন্টস ব্যাবসায়ী শ্যামল রায় বলেন,‘সুনামগঞ্জ পশ্চাৎপদ জেলা, বেকারত্বের সংখ্যাও বেশি। জেলার বেশিরভাগ মানুষ ৬ মাস কাজ করেন, ৬ মাস বেকার থাকেন। এই অবস্থায় এই জেলায় একটি টেক্সটাইল ইন্সটিটিউট হলে জেলার শিক্ষার্থীরা ঐ প্রতিষ্ঠানে শিক্ষা নেবে এবং সহজে চাকুরি পাবে, এই চিন্তা থেকে মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি এই প্রতিষ্ঠানটি করার জন্য কাজ শুরু করেছেন। আমি ঐ সেক্টরেরই ব্যবসায়ী, এজন্য আমিও চাই আমাদের এলাকায় এই প্রতিষ্ঠান হউক, লোকবলের সংকটে এখন যেভাবে আমরা ভূগছি, প্রতিষ্ঠানটি হলে ভবিষ্যতে হয়তো ভোগান্তি কমবে। এজন্যই শুরু থেকেই মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে এই বিষয়ে নানা তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করছি, কিন্তু বস্ত্র পরিদপ্তরের চিঠির জবাব এখনো জেলা প্রশাসন বা গণপূর্ত বিভাগ থেকে আসেনি বলে জেনেছি আমি, তারা যত দ্রুত প্রয়োজনীয় কাজ করবেন, উদ্যোগটি তত দ্রুত বাস্তবায়ন হবে’।
এ বিষয়ে কথা বলার জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘বস্ত্র পরিদপ্তরের চিঠি আমরা পেয়েছি। ভূমি নির্ধারণ করার প্রক্রিয়াও শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ভূমি নির্ধারণের চেষ্টা করা হচ্ছে’।