সু.খবর ডেস্ক
বুধবার সিলেটে একদিনে ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনই হবিগঞ্জ জেলার। বাকি আক্রান্তদের ৪ জন সুমানগঞ্জের এবং সিলেট ও মৌলভীবাজারে রয়েছেন ২ জন করে। সুনামগঞ্জে আক্রান্তরা দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর উপজেলার । সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্ত ৪ জনের মধ্যে দুইজনের নমুনা সংগ্রহ করা হয় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরমধ্যে একজনের বাড়ি দিরাই (২৬), অন্যজন তরুণী (২০) এর বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়। এছাড়া বাকি আক্রান্তদের একজন জগন্নাথপুরের (১৮) এবং অন্য জনের বাড়ি (৩৮) ছাতক উপজেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। হবিগঞ্জে ৫ জন আক্রান্ত হওয়ার বিষয়টি জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন।
এনিয়ে হবিগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। সোমবার একদিনেই এ জেলায় ১০ জন রোগী শনাক্ত হয়েছিলেন।
এরআগে বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন এই হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়।
এনিয়ে সিলেট বিভাগে মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন রয়েছেন।


