সুনামগঞ্জে নতুন শনাক্ত হওয়া চারজন আইসোলেসনে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হওয়া চারজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এই চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনাআক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ছয় জন। বৃৃহস্পতিবার এই চারজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন চারজনের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে দুজনকে। অন্যদুজনকে ভর্তি করা হয়েছে সিলেটের করোনা চিকিৎসাকেন্দ্র শহীদ ডা. শামসুদ্দিন হাসাপাতালে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ওই চার ব্যক্তির মধ্যে একজনের বাড়ি রংপুর জেলায়। তিনি একটি কোম্পানীতে চাকরির সুবাধে জেলার ছাতক উপজেলায় আছেন। অন্য তিনজনের বাড়ি জেলার জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলায়। দক্ষিণ সুনামগঞ্জে যিনি শনাক্ত হয়েছেন তিনি একজন নারী। ছাতকে এবং জগন্নাথপুরে শনাক্ত হওয়া ব্যক্তিদের সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই এবং দক্ষিণ সুনামগঞ্জে শনাক্ত হওয়া দুজনকে ভর্তি করা হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের বাড়িগুলোকে লকডাউন করা হয়েছে।

ছাতক উপজেলায় শনাক্ত হওয়া রংপুরের ওই ব্যক্তি (৩৮) জানান, তিনি গত ১৭ মার্চ বাড়িতে গিয়েছিলেন। এরপর ২৫ মার্চ আবার সুনামগঞ্জে চলে আসেন। গত ১৯ এপ্রিল তার সামান্য জ্বর হলে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে জানানো হয় তিনি করোনাআক্রান্ত। জগন্নাথপুর উপজেলা শনাক্ত হওয়া ওই ব্যক্তি (১৮) নারায়ণগঞ্জের একটি বিস্কুট কারখানায় কাজে ছিলেন। গত ১৬ এপ্রিল বাড়িতে এসেছেন।

দিরাই উপজেলায় শনাক্ত হওয়া ব্যাক্তি (২৬) কিশোরগঞ্জ জেলায় একটি মিস্টির দোকানে কাজ করতেন। গত ১৭ এপ্রিল তিনি বাড়িতে এসেছেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা যে নারীর করোনা শনাক্ত হয়েছে তিনি মূলত তার এক আত্মীয় রোগীকে নিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। সেখানে তিনিও তার নমুনা দেন।

সুনামগঞ্জের সিভিল সাজর্ন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, নতুন করে শনাক্ত হওয়া চারজনের পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। তাদের অবশ্যই কোয়ারেন্টিনে থাকতে হবে। আক্রান্ত চারজনকেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।