সুনামগঞ্জে পৌঁছেছে ৮৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় সুনামগঞ্জে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। রবিবার ভোর সাড়ে ৬ টায় কঠোর পুলিশ নিরাপত্তায় ফ্রিজার ভ্যানে সাতটি কার্টুনে ১২ হাজার করে ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন সুনামগঞ্জে পৌঁছে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা ইপিআই ভবন প্রাঙ্গণে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি আমিনুর রহমানের কাছ থেকে করোনার ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার আরিফুল ইসলাম, সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভ্যাকসিন হস্তান্তর করার পর সেগুলো দ্রুত সুনামগঞ্জ শহরের হাছননগরের জেলা ইপিআই ভবনের একটি কক্ষে সংরক্ষণ করা হয়। ভ্যাকসিনের জন্য ইপিআই ভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। সেলক্ষ্যে সুনামগঞ্জে ভ্যাকসিন প্রদানকারীদের প্রশিক্ষণ চলছে।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি আমিনুর রহমান জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপন্ন ৮৪ হাজার করোনা ভ্যাকসিনের ডোজ সাতটি কার্টুনে করে আমরা সুনামগঞ্জের সিভিল সার্জন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ বলেন, ‘করেনা ভ্যাকসিনের জন্য আমরা ধীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। সুনামগঞ্জের জন্য ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। এটা জেলাবাসীর জন্য সুখবর। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থায় ও পুলিশের নিরাপত্তায় জেলা ইপিআই ভবনে করোনা ভ্যাকসিন সংরক্ষিত থাকবে। এই ভ্যাকসিন দুই ডোজ করে ৪৪ হাজার মানুষকে দেওয়া যাবে।’