সুনামগঞ্জে সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক প্রথম টিকা নেবেন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন শুরুতেই করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন। সিভিল সার্জন শামস উদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন জানান, ৭৬৯ জন আগ্রহীকে রোববার টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত একযোগে করোনা ভ্যাকসিন (টিকা) দেওয়া হবে। ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন শামস উদ্দিন আহমদ জানান, জাতীয়ভাবে টিকাদান কার্যক্রমের উদ্বোধনের পরপরই সুনামগঞ্জে টিকাদান শুরু হবে। টিকাদান কর্মী ও স্বেচ্ছা সেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্রে চারজন স্বেচ্ছাসেবক ও দুইজন টিকাদান কর্মী নিয়োজিত থাকবেন।
সুনামগঞ্জে স্বাস্থ্য কর্মীদের মধ্যে প্রথম ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম।
সদর হাসপাতলের নতুন ভবনের নীচতলার বামপাশের একটি কক্ষে টিকা কেন্দ্র করা হয়েছে।
এই হাসপাতালের ১০টি বুথে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে তিনটি করে করোনা বুথ স্থাপন করা হয়েছে। জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স ৩৩ টি বুথে টিকা প্রদান করা হবে। প্রতিটি বুথে একজন চিকিৎসক, একজন একজন টিকাদান কর্মী, সিনিয়র স্টাফ নার্স ও চারজন স্বেচ্ছাসেবক টিকা প্রদানকালীন সময়ে দায়িত্ব পালন করবেন।
জরুরী কোন সমস্যা দেখা দিলে কুইক রেসপন্স টিম সব রকমের দায়িত্ব পালন করবেন। প্রতিটি বুথে একটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, পাল্স মিটারসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ থাকবে।