সুনামগঞ্জে সুরমার পানি বেড়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ছাতক ও উজানের মেঘালয় চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত বেশি হওয়ায় সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। তবে পানি এখনো বিপদসীমার ২২ সেন্টিমিটার নীচে রয়েছে। নদীর পানি টইটুম্বুর অবস্থায় থাকায় মঙ্গলবার সন্ধার বৃষ্টি সুনামগঞ্জ জেলা শহরসহ জেলার অন্যান্য উপজেলায়ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সন্ধ্যার পর থেকে গণমাধ্যম কর্মীদের কাছে স্থানীয়রা ফোন দিয়ে জানতে চান পানি আবারও আসবে কি-না, আবারও ভয়াবহ আকার ধারণ করে কি-না?
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, গত ২৪ ঘণ্টায় উজানের ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার এবং আমাদের সুনামগঞ্জের ছাতকে ১৭০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে যাবার কোন বার্তা জানানো হয় নি। তিনি জানান, নদীর পানি এখনো টইটুম্বুর রয়েছে। বৃষ্টি হলে পানি দ্রুত লোকালয়ে চলে আসতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের দায়িত্বশীল কেউ সন্ধ্যা সাড়ে ছয় টা পর্যন্ত ফোন না ধরায় এই বিষয়ে তাদের বক্তব্য জানা যায় নি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বললেন, তিনি দোয়ারাবাজারে রয়েছেন, ফিরে ঢাকা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলবেন। ওখান থেকে বিপদ হবার মতো ম্যাসেজ পেলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের ফেসবুক পেইজ এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জনসাধারণকে অবহিত করবেন।
প্রসঙ্গত. প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে গেল গত ১৬ জুন সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত হয়। বৃহস্পতিবার ভোর তিনটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় জেলার ৮০ ভাগেরও বেশি এলাকা। গুরুত্বপূর্ণ অফিস ও ব্যক্তি মালিকানাধীন ভবনের তালা ভেঙে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যার তা-বে ঘরে থাকা ধানচাল, গহপালিত পশু, জমিতে থাকা সবজী, পুকুরের মাছ সবই ভেসে গেছে। এখনো হাজারো মানুষের ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, উঁচু এলাকা থেকে পানি কমলেও নিচু এলাকা বন্যা কবলিত।