বিন্দু তালুকদার
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কে শহরতলীর মাইজবাড়ি গ্রামের পূর্ব পাশে ডাকুয়াখালী সেতুর এপ্রোচসহ রাস্তা দেবে গেছে। গত শনিবার রাতে সড়কের ওই অংশটুকু দেবে যাওয়ায় ঝুঁিক নিয়ে চলাচল করছে যানবাহন। সড়ক ধসে যে কোন সময় দোয়ারাবজারের সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে ।
গত দুইদিন ধরে জেলা শহরের পাশের এই সড়কটির গুরুত্বপূর্ণ অংশ দেবে যাওয়ার পরও মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি। এই সড়কটি দিয়ে সদর উপজেলার একাংশ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ রয়েছে।
ফতেউল করিম নামের একজন সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছেন, ‘সুনামগঞ্জ আমবাড়ি রাস্তার ডাকুয়াখালী ব্রিজের একাংশ ধসে গেছে, দেখার মত কেউ নেই। এমপি মহোদয় ও সওজ কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি কামনা করছি।’
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামের বরুন চন্দ্র দাস বলেন,‘ শনিবার অতিরিক্ত বৃষ্টির কারণে ডাকুয়াখালী সেতুর পশ্চিম অংশের বেশ কিছু জায়গা দেবে গেছে। দেবে যাওয়ার পরিমাণ যদি আরো বৃদ্ধি পায় তাহলে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে।’
সিএনজি চালক বাবুল মিয়া বলেন,‘ গত দুইদিন ধরে খুব ভয়ে ভয়ে ডাকুয়াখালী সেতু এলাকা পার হচ্ছি। যে কোন সময় হঠাৎ করে ওই অংশটুকু খালে পড়ে যেতে পারে। মেরামতের কোন উদ্যোগ দেখছি না।’
সদর উপজেলার কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত বলেন,‘ মাইজবাড়ি গ্রামের কাছে ডাকুয়াখালী সেতুর এপ্রোচ ও সড়কের কিছু অংশ দেবে গেছে বলে খবর পেয়েছি। আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সওজ কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব এবং দ্রুত মেরামতের জন্য অনুরোধ জানাব।’
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন,‘ সুনামগঞ্জ-আমবাড়ি সড়কের কোথাও সমস্যা হয়েছে বিষয়টি কেউ আমাদের জানায় নি। একজন উপ সহকারি প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি জেনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। যানচলাচল অব্যাহত রাখতে যতটুকু কাজ করার প্রয়োজন আমরা তা করে দেব।’


