বিশেষ প্রতিনিধি
‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’ বলতেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারকেই বুঝেন এবং চিনেন সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। ২০১৩’এর ২৬ মার্চ সুনামগঞ্জ জেলা পরিষদের তৎকালীন প্রশাসক দৃষ্টিনন্দন আরেকটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন এবং সেটিরও নামকরণ হয় ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’। নতুন দৃষ্টিনন্দন শহীদ মিনারটি পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনার ভেঙে ওখানেই তৈরির দাবী ওঠেছিল। কিন্তু কর্র্তৃপক্ষ এর স্থান নির্ধারণ করেছিলেন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। এ নিয়ে গণমাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়ে ছিলেন- জুবিলীর শিক্ষার্থীগণসহ সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। এরপরও নির্মাণ কাজ শুরু’র ফলক উন্মোচন হয়েছিল। কিন্তু সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত পিছু হঠে জেলা পরিষদ। আবারও ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এর স্থান নির্ধারণ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠ। অর্থাৎ আরো কঠোর সংরক্ষিত এলাকায়। চাইলেই এই শহীদ মিনারে কেউ সমাবেশ করার জন্য যেতে পারবেন না। শহীদ মিনার এমন সংরক্ষিত স্থানে নেওয়া এবং নামকরণ নিয়ে ক্ষুব্ধ সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা-জনতা। অনেকে বলেছেন,‘ ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’ তাহলে কোনটি হবে?
২০১৩ সালের ২৬ মার্চ শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তখনকার জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ঘোষণা দেন সুনামগঞ্জে অর্ধ কোটি টাকা ব্যয়ে
দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হবে। তখনই আলোচনায় উঠে আসে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থান নির্ধারণের বিষয়টি। জেলা পরিষদ প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’ নির্মাণ হবে সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। এই সিদ্ধান্তের কথা জানাজানি হলে ক্ষুব্ধ হন শহরের মুক্তিযোদ্ধা-জনতা। তারা বক্তব্য, বিবৃতি ও মানববন্ধন করে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর’এর উদ্যোগে গ্রহণযোগ্য প্রক্রিয়ায় এই বিষয়ে একটি জরিপ চালানো হয়। জরিপে ৫৭ শতাংশ মানুষের মতামত ছিল বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারকে ভেঙে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের পক্ষে, ১০ ভাগ মানুষ মতামত দেন সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। কিন্তু তখনকার জেলা পরিষদ প্রশাসক সাধারণের এই মতামতকে গুরুত্ব দেননি। এক পর্যায়ে চার লোককবির উৎসবে আসা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পিএসসির বর্তমান চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জে আসলে পৌরসভা কার্যালয়ের সুধীজনদের বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসে। সিদ্ধান্ত হয় বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারকে ভেঙেই নতুন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হবে। পুরাতন শহীদ মিনারের পাশের আইন মন্ত্রণালয়ের ফাঁকা জমির কিছু অংশ নিয়ে বড় করে করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এই অবস্থায় গত বছরের ১৬ ডিসেম্বর আবার জেলা পরিষদ সিদ্ধান্ত নেয় সরকারী জুবিলীর মাঠেই হবে কেন্দ্রীয় শহীদ মিনার। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন যৌথভাবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সরকারী জুবিলীর মাঠেই নতুন শহীদ মিনারের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এই ফলক উন্মোচনের পরই বিক্ষুব্ধ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করতে থাকে। শহরের অন্যান্য সর্বস্তরের বিশিষ্টজনেরাও সরকারী জুবিলীর মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার না করে পুরাতন স্থানেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের পক্ষে মতামত ব্যক্ত করেন। এবার সুনামগঞ্জ জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অর্থাৎ জেলা পরিষদের কার্যালয়ের মাঠে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই সংবাদে ক্ষুব্ধ হয়েছেন সুনামগঞ্জের মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষজন।
গণমাধ্যম কর্মীদেরও সাধারণেরা ফোন দিচ্ছেন উদ্যোক্তারা যেন শহীদ মিনারের মতো স্থাপনা আরো ভেবে চিন্তে করেন, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী বলেন,‘জেলা প্রশাসকের কার্যালয়ের সীমানা প্রাচীরের উল্টোপাশে হচ্ছে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভবন। চীফ জুডিসিয়াল ভবনের প্রস্তাবিত রাস্তায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ সঠিক হবে না। শহীদ মিনার উন্মুক্ত স্থানে হওয়া জরুরি’।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার লেখক আবু সুফিয়ান বলেন,‘কালেক্টরেট প্রাঙ্গণ হচ্ছে সংরক্ষিত এলাকা। প্রশাসনিক ভবন এবং বিচালয় এখানে থাকায় যে কোন সময় এখানে মাইক বাজানো যাবে না। সাধারণ মানুষ যে কোন সময় এখানে গিয়ে বসে প্রতিবাদও জানাতে পারবে না। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার নামে দুটি স্থাপনার নামও হতে পারে না’।
মুক্তিযোদ্ধা-লেখক মতিউর রহমান বলেন,‘মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেছিলাম আমরা। এই পুরাতন শহীদ মিনারটিই ‘সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার’ হিসাবে পরিচিত। এই শহীদ মিনারই মানুষের প্রাণের স্পন্দন বহন করে আসছে। কালেক্টরেট প্রাঙ্গণেও কয়েক বছর আগে একটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ হয়েছে। কালেক্টরেট প্রাঙ্গণে সাধারণেরা প্রবেশ করেন না। ওখানে গেলে অভিজাত-অভিজাত মনে হয়। এখনো বেশি মানুষ শ্রদ্ধা নিবেদন করেন পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারে। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নামে আরেকটি শহীদ মিনার হলে মানুষ বিভ্রান্তিতে পড়বে। এটি যদি কালেক্টরেট প্রাঙ্গণে হয়, তাহলে মনে হবে শাড়ী পড়িয়ে শহীদ মিনারটিকে ঘোমটা দিয়ে রাখা হয়েছে। এটি হওয়ার চেয়ে না হওয়াই ভাল’।
সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ বলেন,‘আমাদের মননে-আবেগে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার। এর বাইরে শহীদ মিনার করলে কেউ মন থেকে মানতেও পারবে না, যাবেও না। জমি পাওয়ার সুবিধার জন্য কর্তৃপক্ষ নদীর ওপারেও শহীদ মিনার নির্মাণ করতে পারেন, কিন্তু সেটি হলে উদ্দেশ্য সফল হবে না।’
মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ বলেন,‘শহীদ মিনার সকল সময় সর্ব সাধারণের জন্য উন্মুক্ত রাখার স্থানেই হতে হবে’।
জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা আতম সালেহ্ বলেন,‘জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মিনার স্থাপন করার অর্থ হচ্ছে টুটি চেপে ধরা। শহীদ মিনার আমাদের চেতনার অংশ, মানুষ যখন ইচ্ছা, তখন শহীদ মিনারে গিয়ে বসে প্রতিবাদ জানাবে, প্রতিবাদী গান-নাটক করবে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এটি সম্ভব নয়’।
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট শনিবার বিকালে জেলা পরিষদ রেস্ট হাউসে জেলা শহরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করেন। এসময় পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আয়ুব বখ্ত জগলুল বলেন,‘একটি শহরে একাধিক শহীদ মিনার হতে পারে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যেটি হবে, সেটি ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার এবং ডিএস রোডের শহীদ মিনার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধ। দুটি আলাদা বিষয়। কেন্দ্রীয় শহীদ মিনার যেহেতু একটি’র নাম রয়েছে। নতুন যেটি নির্মিত হচ্ছে, সেটি কেবল ‘শহীদ মিনার’ নামকরণ হতে পারে’।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘শহীদ মিনার দ্রুত নির্মাণ না করলে টাকা ফেরৎ চলে যাবে। আমরা কোনভাবেই বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারকে অশ্রদ্ধা করছি না। এই শহীদ মিনার আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা। এটিও দৃষ্টিনন্দন করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ মিনার হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর শহীদ মিনার’।
- সংবাদ সম্মেলনে মুকুট-ডিএস রোডের শহীদ মিনারই থাকবে কেন্দ্রীয় হয়ে
- পাথর কোয়ারিগুলোতে অব্যাহত মৃত্যুর মিছিল বন্ধ করুন


