স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা ২০২২-২৩ অর্থবছরের একশ’ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৭৭ লাখ টাকা। স্থিতি দেখানো হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা।
মঙ্গলবার বিকালে পৌরসভার মেয়রের কক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র নাদের বখত। এসময় পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজেটে রাজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ১৩ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা। যা চলতি অর্থ বছরে ছিলো ৮ কোটি ৩১ লাখ ২৯ হাজার ৭৪০ টাকা। উন্নয়ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৮৬ কোটি ১৯ লাখ টাকা। যা চলতি অর্থবছরে ছিলো ৩৪ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৮২৩ টাকা।
ট্যাক্সেস, রেইটস, লাইসেন্স খাতে ফি বাড়ানো হয়েছে বাজেটে। ট্যাক্সেস থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। যা চলতি অর্থবছরে ছিলো ৩ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৯৪৬ টাকা।
রেইটস খাত থেকে আয় দেখানো হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা। যা চলতি অর্থবছরে ছিলো ১ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৩৯৫ টাকা।
ফিস ও লাইসেন্স খাত থেকে আয় দেখানো হয়েছে ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। যা চলতি অর্থবছরে ছিলো ৫৯ লাখ ৭৫ হাজার ৫৬৫ টাকা।
এছাড়াও বাজেটে হাটবাজার ইজারা, বাস, ট্রাক, টেক্সি, টেম্পু স্ট্যান্ড ইজারা, গণ শৌচাগার ইজারা, বর্জ্য অপসারণ, বন্দোবস্তোয় ভূমির খাজনা, জাতীয়তা ও অন্যান্য সনদ, জন্ম নিবন্ধন, বিভিন্ন ফরম বিক্রি, দরপত্র শিডিউল বিক্রয়, জরিমানা, ব্যাংক মুনাফা, জামানত জমা, ভিজিএফ পরিবহন, কর্মচারীদের বর্ধিত বেতন বাবদ মঞ্জুরী, বস্তা বিক্রি, ভূমি উন্নয়ন কর খাত থেকে আয় বাড়ানো হয়েছে। এই খাতগুলো থেকে প্রস্তাবিত বাজেটে ৩ কোটি ১২ লাখ টাকা আয় দেখানো হয়েছে। যা চলতি অর্থবছরে ছিলো ২ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার ৪১২ টাকা।
স্বাস্থ্যখাতে সরকারি অনুদান, নঈদ-উল ফিতরসহ ত্রাণ খাতে সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা। যা চলতি অর্থবছরে ছিলো ৯ লাখ ২৬ হাজার ৪২২ টাকা।
বাজেট উপস্থাপনের সময় মেয়র নাদের বখত বলেন, প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় একশ’ কোটি ৬২ লাখ ৫ হাজার টাকা করা হয়েছে। রাজস্ব উন্নয়নে আমাদের সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৭৭ লাখ টাকা। বাজেটের এই টাকা থেকে স্থিতি থাকবে ২ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা।
তিনি বলেন, সুনামগঞ্জ পৌরসভার একশ’র উপরে বয়েস। জাতিরজনক বঙ্গবন্ধুর একশত বছর পূর্তি। আমাদের স্বাধীনতারও ৫০ বছর পূর্তি হয়েছে। এই সার্বিক দিক বিবেচনা করে এবার একশ’ কোটি ৬২ লাখ টাকার উপরে বাজেট ঘোষণা করেছি।
মেয়র বলেন, এটা কোনো উচ্চ বিলাসি বাজেট নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন আমাদের জন্য দেখিয়েছেন সে স্বপ্নের বাস্তবায়ন করতে হলে এই অংকের বাজেট দরকার ছিলো।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ইসহাক ভূঞাও হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস।


