সুনামগঞ্জ পৌরসভার মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের বিহারী পয়েন্ট এলাকায় এই অভিযানের উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এর আগে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শহরের বিহারী পয়েন্ট এলাকায় অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সংরক্ষিত আসনের কাউন্সিলর সুজাতা রানী রায়, কাউন্সিলর আবাবিল নুর, চঞ্চল কুমার লৌহ, আহমদ নুর, ইয়াছিনুর রশিদ, ফজর নুর, পৌর সচিব মাহমুদ আলম মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, স্যানিটেশন ইন্সপেক্টর সেলিম উদ্দিন, মেয়র পিএস নুরুল আমিন সহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে মেয়র নাদের বখত বলেন,‘মুজিববর্ষ উপলক্ষে শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং মশক নিধনের জন্য সরকার বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি ও ওষুধপত্র বরাদ্দ দিয়েছেন আমাদের। আমরা পরিস্কার পরিচ্ছন্নতার বিশেষ অভিযানের পাশাপাশি মশক নিধনের অভিযান পরিচালনা করে আসছি। টানা দুই মাস মশক নিধনের অভিযান অব্যাহত থাকবে। মশক নিধন অভিযানে সফলতা আসলে তখন এই অভিযানকে স্থায়ীভাবে পরিচালনার ব্যবস্থা নেয়া হবে। এই জন্য পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,‘সুনামগঞ্জ প্রবাসী এলাকা। সুনামগঞ্জের প্রবাসীরা প্রতিদিনই আসছেন। সোমবারও বিভিন্ন উপজেলার ৫ জন প্রবাসী এসেছেন। তাঁরা নিজ বাড়িতে চলে গেছেন। প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত কি না, পরীক্ষা করে দেখার বিষয়টি গুরুত্ব দিতে হবে।’ তিনি বলেন,‘বাড়ি-ঘর, আঙিনা, রাস্তা-ঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখা শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়। এটা সকলের। সকলে মিলে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে এবং করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে নিজে এবং আশপাশ এলাকা গুরুত্ব সহকারে পরিচ্ছন্ন রাখতে হবে।’