সুনামগঞ্জ পৌর কলেজ- ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পর ভবন নির্মাণের সম্ভাবনা

শহীদ নূর আহমেদ
সুনামগঞ্জ পৌর কলেজ জেলা শহরে একমাত্র এমপিওভুক্ত উচ্চ বিদ্যাপীঠ। পৌর শহরে একটি সরকারি কলেজ ও একটি সরকারি মহিলা কলেজ থাকলেও বিকল্প শিক্ষাঙ্গন হিসেবে শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। ১৯৯৫ সালে তৎকালীন পৌরমেয়র মমিনুল মউজদীনের প্রচেষ্টায় পৌরসভার পুরাতন ভবনে প্রতিষ্ঠিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও দীর্ঘ ২২ বছর ধরে অধিকতর ছোট ক্যাম্পাসে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে চালিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। জেলা শহরের বিকল্প উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষার্থীদের চাহিদা অনুপাতে জায়গা সংকুলান হচ্ছে না অস্থায়ী এই ভবনটিতে। ভবন ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন পর আশার আলো দেখছে। শহরের প্রবেশদ্বার ইকবালনগর এলাকায়  নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে ২০১৩ সালে মার্চ মাসে কলেজের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও ৪ বছর পর একটি বহুতল ভবনের নির্মাণ     কাজ চলতি বছরের জুনের দিকে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেট আঞ্চলিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে ৭ কোটি ৪৭ লক্ষ টাকা বরাদ্দে ৫ তলা বিশিষ্ট একটি একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের অনুমোদন করা হয়েছে। যেখানে থাকছে আধুনিক শিক্ষাব্যবস্থাসহ নানা সুযোগ সুবিধা। মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরি, বিজ্ঞানাগার, শিক্ষক মিলনায়তন ইত্যাদি। সংকুলান হবে ৫’শ শিক্ষার্থীর পাঠদান।
এদিকে সুনামগঞ্জ পৌর কলেজ সূত্রে জানা জায়, একাদশ ও দ্বাদশ মিলে বর্তমানে কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী প্রায় ৯০০ জন। দুইটি কক্ষে প্রভাতি ও দিবা শাখায় ভাগ করে নেয়া হচ্ছে ক্লাস। দিন দিন বাড়ছে শিক্ষার্থী সংখা। এতে নিতান্তই বিপাকেই রয়েছেন কলেজ কর্তৃপক্ষ। স্থায়ী ভবন নির্মাণে একটি প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দিত শিক্ষার্থী  ও শিক্ষকরা।
একাদশ শ্রেণীর খাদিজা,লাভলী আক্তার ও দ্বাদশ শ্রেণীর মেহেদী ও জয়া দাস  বলেন, আমাদের কলেজ ক্যাম্পাস খুবই ছোট।  অনেক কষ্ট করে ক্লাস করতে হয় আমাদের। নতুন ভবনের খবর শুনে খুবই আনন্দিত। আমাদের পরবর্তি শিক্ষার্থীরা নানা সুযোগ সুবিধা পাবে। কলেজ শিক্ষা ক্ষেত্রে আরো ভাল ফলাফল করবে।
সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মো: শেরগুল আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন পরে একটি স্থায়ী বহুতল ভবন পাচ্ছি। এতে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। আশা করছি কর্তৃপক্ষ অচিরেই কাজ শুরু করবেন।
সিলেট আঞ্চলিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক নজরুল হাকিম বলেন, ২০১৬ সালের নভেম্বরে ভবনটির অনুমোদন হয়েছে।   ভবনের এস্টিমিট করা হচ্ছে। আশা করছি মার্চ মাসে টেন্ডারের মাধ্যমে জুনের দিকে কাজ শুরু করতে পারব।