স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর ১৬ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৩ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। চলতি সপ্তাহের ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় এই বিটুমিনাস সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যান চলাচলে সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যায়। সদর উপজেলা অংশে পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া আব্দুজ জহুর সেতুর পশ্চিম দিকের অ্যাপ্রোচ থেকে রাধানগর, লালপুর হয়ে চালবন্দ পয়েন্ট পর্যন্ত সড়কের মারাত্মক ক্ষতি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।
পথচারী আব্দুন নুর বলেন, হাওর অঞ্চলের সড়কের কাজে রড ব্যবহার করা উচিৎ। বিটুমিনাস সড়ক হাওর অঞ্চলের জন্য সঠিক নয়। বর্ষায় পাহাড়ি ঢল ও বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সড়কের মারাত্মক ক্ষতি হয়।
পলাশ বাজারের মোটর সাইকেল চালক সেলিম আহমদ বলেন, বন্যায় এই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর সকল যানবাহন এখন ঝুকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সিলেট থেকে আসা লিটন চৌধুরী বলেন, গত বছর এই সড়কে চলাচল করেছি। সড়কটি খুবই ভাল ছিল। সড়কে অপরিকল্পিত কাজ হওয়ায় বন্যার প্রথম ধাপে ভেঙে গেছে। আরসিসি ঢালাইয়ের সড়ক হলে সহজে ভেঙে যেতো না।
সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বেশ ক্ষতি হয়েছে। বন্যার পানি কমে গেলে সংস্কারের জন্য আমরা ব্যবস্থা করব।
- পশ্চিম পাগলায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
- সৌদি কোম্পানির বিনিয়োগে ছাতকে হচ্ছে ক্লিংকার কারখানা


