সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়কের কাজ শুরু, দ্রুত কাজ শেষ করার দাবি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়কের কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে এ কাজ শুরু হয় বেতগঞ্জ বাজার এলাকা থেকে মুচিবাড়ি পর্যন্ত। সড়কের কাজ শুরু হওয়ায় বিকল্প সড়ক হিসাবে যান চলাচল ও মানুষ চলাচলে ব্যবহৃত হচ্ছে আলমপুর-কান্দাগাঁও সড়ক। এতে প্রতিদিন জেলা সদরের সাথে এলাকার লাখো মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। ফলে স্থানীয় বাসিন্দারা  সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।
সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট (আরটি আইপি-২) প্রকল্পের আওতায় সুনামগঞ্জ-বেতগঞ্জ প্রায় ৬ কি.মি. সড়কের সংস্কার কাজের জন্য বরাদ্দ হয়েছে ৩ কোটি ১১ লক্ষ ৯৪ হাজার ৩৭৫ টাকা। কাজের বাস্তবায়ন করছে সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজের উদ্বোধন হয়েছে চলতি বছরের ২৫ মে। কিন্তু কাজ শুরু হয়েছে চলতি বছরের ৮ ডিসেম্বর। কাজ শেষ হবে ২০১৮ সালের ২৩ মে। সড়কের সংস্কার কাজের উদ্বোধনের প্রায় ৭ মাস পর কাজ শুরু হওয়ায়        এলাকাবাসী সঠিক সময়ে কাজ শেষ না হওয়ার আশংকা করছেন।
প্যারামেডিক চিকিৎসক চানপুর গ্রামের বাসিন্দা আল-আমিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত মানুষ প্রায়ই আমার কাছ থেকে চিকিৎসা নেন। সড়কের কাজ দ্রুত শেষ হলে রোগীদের শহরে গিয়ে চিকিৎসা নিতে সহজ হবে। মানুষের যাতায়াত ভোগান্তি নিরসন করতে দ্রুত সড়কের কাজ সম্পন্ন করতে হবে।
দুর্লভপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান ও মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, আমাদের প্রতিদিন শহরের একাধিকবার আসতে হয়। এ সড়কের চলাচল করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হন। কাজ  দ্রুত শেষ হওয়া প্রয়োজন।
সিএনজি চালক মোজাম্মেল হক, তাজির হোসেন, আরশ আলী বলেন, এ সড়কে গাড়ি চালাতে গিয়ে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হই। গাড়ির গিয়ারবক্স, টায়ার-টিউব ছিদ্র  হয়, নানা যন্ত্রাংশসহ গাড়ির বিভিন্ন অংশ ভেঙে যায়। এটা থেকে পরিত্রাণ পেতে সড়কের মেরামত কাজ শেষ করা জরুরি প্রয়োজন।
সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার আরিফুল রহমান বলেন, এ সড়কে বৃষ্টির দিনে সিএনজি চালকরা গাড়ি চালাতে চায় না। এ সময় সুনামগঞ্জ শহর থেকে বেতগঞ্জ বাজার পর্যন্ত ২০ টাকা ভাড়ার পরিবর্তে ৩০ করে দিয়েছি। সড়ক ভাল হলে আবারও ২০ টাকায় ভাড়া নামিয়ে আনবো।
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো আনোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে কাজ শুরু হয়েছে। আগামী মার্চ মাসের প্রথম দিকে শেষ হবে। যাতে সড়কে ভাল কাজ হয় সে জন্য আমরা কাজের উপর নজরদারি রাখছি।