স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে তাঁর অপসারণের দাবিতে সুনামগঞ্জ সরকারি কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে এই দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভও করছে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, ২০১৬ সেশনের ডিগ্রি (পাস) কোর্সের নির্বাচনী পরীক্ষা না নিয়ে টাকা লুটপাট, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীদের কাছ থেকে
টাকা লুটপাট, ছাত্রী নিবাসের বার্ষিক ভাড়া ৪ হাজার থেকে ৮ হাজার টাকা লুটপাট করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে অধ্যক্ষের জড়িত থাকার অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে তারা।
বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ-বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রনেতা আবু সালেক, ইব্রাহিম, পারভেজ, মঈনুল, সাজ্জাদ, জাবেদ, সোহাগ, তপু প্রমুখ।
বক্তারা অধ্যক্ষের অপসারণ দাবি করে বলেন, ‘অনিয়ম-দুর্নীতি তদন্ত করার জন্য দুদকের ৩ জন সদস্য, ডিজি মহোদয়ের ৩ প্রতিনিধি, ৫ জন শিক্ষার্থী অভিভাবক, ৩ জন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, ৩ জন মিডিয়া প্রতিনিধি, ৩ জন জ্যেষ্ঠ ছাত্রনেতা অডিট কমিটি করার দাবি তুলেছেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছাত্তার এসব অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘কলেজের কিছু শিক্ষার্থী সেন্টমার্টিন যাবার জন্য আমার কাছে ১ লাখ ২০ হাজার টাকা চেয়েছিল। আমি বলেছিলাম নিয়ম অনুযায়ী স্যাররা গাইড হিসাবে থাকবেন এবং তাঁদের কাছেই টাকা দেব। এতেই ক্ষিপ্ত হয়ে কিছু শিক্ষার্থী আমার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ সাজিয়ে আন্দোলনে নেমেছে’।


