সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস সার্ভিসের মানোন্নয়নের দাবি জোরালো হচ্ছে

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যানসহ ইউপি চেয়ারম্যাণগণ সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত মানের বাস সার্ভিস চালুর জন্য নাগরিক দাবির প্রতি একাত্মতা পোষণ করে আগামী রবিবার জেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন করবেন বলে সহযোগি দৈনিক সুনামকণ্ঠের একটি সংবাদ থেকে জানা যায়। জনআকাক্সক্ষা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের এই কর্মসূচী অভিনন্দনযোগ্য। আমরা কয়েকদিন আগেই সম্পাদকীয় স্তম্ভে এমন গণজাগরণের আহ্বান জানিয়েছিলাম। আমরা মন্তব্য করেছিলাম যে, সেবাগ্রহীতা নাগরিকসমাজের ভিতর থেকে যখন এমন দাবি জোড়ালোভাবে উত্থাপিত হবে তখন প্রত্যাশিত বাস সেবার মান উন্নয়ন ঘটতে বাধ্য। সদর উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ দায়িত্ব গ্রহণের সূচনালগ্নে জনসাধারণের এমন একটি প্রাণের দাবি নিজেদের অনুভবে স্থান দেওয়ায় আমরা তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব তাঁদের এই কর্মসূচীর ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে জনগণের সকল স্তরে একই দাবি উচ্চকিত হবে।
সুনামগঞ্জ-সিলেট লাইনে চালু মান্ধাতা আমলের বাস সার্ভিসের কারণে সবসময় বাইরের জেলার লোকজনের নিকট আমাদের মাথা হেট করতে হয়। যেখানে ভাড়া নেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া তো দূরের কথা বরং বেশিই নেয়া হচ্ছে তখন সেবার মানের অবনতি নিয়ে যাত্রীরা কথা বলতে পারবেন না, এমন পরিস্থিতি একধরনের স্থবির অবস্থার লক্ষণ। দীর্ঘদিন পরে হলেও সুনামগঞ্জের মানুষ স্থবিরতা কাটিয়ে ক্ষীণভাবে যে অধিকারের আওয়াজ তুলেছেন তা এখন ক্রমশ বেগবান হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। মূলত জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো এমনভাবেই ছোট্ট পরিসর থেকে বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সাধারণ মানুষের আকাক্সক্ষার বাস্তবায়ন ঘটে। না কাঁদলে শিশু সন্তানকে নাকি মাও দুধ পান করান না, আর এ তো পরিবহণ ব্যবসায়ীদের মুনাফামুখী বাণিজ্যিক প্রবণতাকে যাত্রী সাধারণের অধিকার রক্ষার দিকে ফিরিয়ে আনার একটি কষ্টকর বিষয়। সুতরাং এখানে দাবির বিশালতা তো প্রমাণ করতেই হবে।
সুনামগঞ্জ-সিলেট সড়কে যাত্রী সেবার মানোন্নয়নে আন্দোলনকারী শক্তিসমূহের প্রতি আমাদের বিনীত আহ্বান, আপনারা জনদাবির এই বিষয়টিকে রাজপথে ব্যাপকভাবে নিয়ে আসার পাশাপাশি সরকারি উদ্যোগে মধ্যস্ততার ব্যবস্থা করুন। যেসব কারণে বর্তমানে বাস সার্ভিসের মান উন্নত হচ্ছে না সেই সমস্যাগুলো চিহ্নিত করে সরকারকে অবহিত করুন। এতে সমাধানের রূপরেখা পাওয়া যাবে। পরিবহণ ব্যবসায়ী, সরকার ও সাধারণ যাত্রী এই তিনপক্ষ তখন পারষ্পরিক আলোচনার ভিত্তিতে একটি উন্নত বাস সার্ভিস চালুর বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারবেন। মনে রাখতে হবে পরিবহণ ব্যবসায়ীরা ভীষণভাবে সংগঠিত। স্বার্থ হানি হয় এমন সম্ভাবনা দেখা দিলে তারা সাংগঠনিক শক্তির জোরে সাধারণ যাত্রীদের জিম্মি করে ফেলতে পারেন। এরকম সম্ভাবনাকে মাথায় রেখেই আন্দোলনকারীদের মাঠে নামতে হবে। তবে আমরা যে দাবি জানাচ্ছি তার ন্যায্যতা এতোটাই স্পষ্ট যে এখানে যুক্তি দিয়ে বিরোধিতা করার কোন উপায় নেই। ন্যায্যতার এই জায়গাটিকে দক্ষতার সাথে ব্যবহার করতে হবে সকলকে।  
বাস সেবার মান উন্নয়ন না হওয়ার পিছনে বিআরটিএর ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা গাড়ির ফিটনেস পরীক্ষার সময় উপযুক্ত ব্যবস্থা নিলে কোন লক্কর-ঝক্কর বাসই রাস্তায় নামতে পারে না। সুতরাং বিআরটিএর এই উদাসীনতার বিষয়টিকেও আন্দোলনকারীদের মাথায় রাখতে হবে। সর্বাবস্থায় আমরা সুনামগঞ্জ-সিলেট সড়কে একটি উন্নত বাস পরিসেবার বাস্তবায়ন দেখতে চাই। এ হলো সড়ক ব্যবহারকারী যাত্রী সাধারণের মৌলিক একটি অধিকার। মানুষ যখন কোন সেবার জন্য টাকা খরচ করে তখন তার শতভাগ সেবা নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব। আমরা টাকার বিনিময়ে যথাযথ সেবাটুকুই পেতে চাই। এর বেশি কিছু নয়।