বিশেষ প্রতিনিধি
সড়কের পাকা অংশের উপরে মাটি না থাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের ১০টি পয়েন্টে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। গত ৫ অক্টোবর জাতুয়া স্কুলের সামনে এ ধরনের বিপজ্জনক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ যাত্রী নিহত হবার ঘটনাও ঘটেছে। চালকরা বলেছেন,‘গাড়ি চালানোর সময় বা ক্রসিংয়ের সময় একটু অসতর্ক থাকলেই এসব পয়েন্টে গাড়ি উল্টে প্রাণহানির আশংকা রয়েছে’।
একাধিক বাস চালকের সঙ্গে কথা বলে জানা গেছে,‘সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও, বাহাদুরপুর, জানিগাঁও, নীলপুর, গোবিন্দপুর, আহসানমারা, জয়কলস, শান্তিগঞ্জ, পাগলাবাজার (বাজার পাড় হয়ে), জান্দেরটুপি, বাউরকাপন, কারাই থেকে জাতুয়া, বোকারভাঙা ও বদিরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকার সড়কের পাশে মাটি নেই। এসব এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ১৮ ফুট প্রশস্তর রাস্তার পরে একেবারেই মাটি নেই। সড়ক থেকে ১ থেকে ২ ফুট নিচু অবস্থানে রয়েছে মাটি। অর্থাৎ এসব এলাকায় গাড়ি চালানোর সময় সামান্য অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
জাউয়াবাজারের গাড়ীর ব্যবসায়ী এখলাছুর রহমান বলেন,‘সুনামগঞ্জ-সিলেট সড়কে কাজ হয়েছে। সড়কে এখন ভাঙনও কম। পুরাতন সেতুগুলো ভেঙে নতুন সেতুও হয়েছে। কিন্তু সড়কের পাশে কিছু কিছু স্থানে মাটি না থাকায় যন্ত্রণা রয়েই গেল। সড়ক ভাল হওয়ায় চালকরা অনেক সময় দ্রুত গাড়ি চালান। এই অবস্থায় ক্রসিং করার সময় সম্প্রতি কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।’
এই সড়কের বাস চালক বোরহান উদ্দিন বলেন,‘গত ৫ অক্টোবর জাতুয়া স্কুলের সামনের সড়কে যাত্রীবাহী একটি কোস্টার দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। কেবল সড়কের ১৮ ফুট পাকা অংশের পরে মাটি না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি দ্রুতগামী ছিল। আরেকটি গাড়িকে ক্রস দিতে গিয়ে চলন্ত গাড়ির চাকা পাকা অংশের বাইরে চলে যায়, এবং সঙ্গে সঙ্গেই গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়’। তিনি জানান, কেবল এই গাড়ী নয়, গত ৩ মাসে অনেক গাড়ি এভাবে দুর্ঘটনার শিকার হয়েছে’।
চালক সেতু মিয়া বলেন, ‘সড়কের শান্তিগঞ্জ, জাউয়া কলেজের সামনের অংশ, জাতুয়া মসজিদ থেকে জাতুয়া বাজার পর্যন্তসহ কিছু এলাকা আছে গাড়ির চাকা পাকা সড়কের বাইরে গেলেই গাড়ি উল্টে খাদে পড়ে যাবে’।
সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব জুয়েল মিয়া বলেন,‘কোটি কোটি টাকা খরচ করে সড়ক হয়েছে, অথচ সামান্য মাটি দেবার জন্য সড়কটি বিপজ্জনক হয়ে পড়েছে’।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন,‘সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশ আরো ৩ ফুট প্রশস্তকরণের দরপত্র প্রক্রিয়াধীন। সড়ক প্রশস্ত করলে এই সমস্যা থাকবে না। আমাদের ১৮ ফুট প্রশস্তের সড়কে বড় গাড়ি হলে দুটি ক্রস করতে সমস্যা হয়। সড়ক প্রশস্ত করার পূর্ব পর্যন্ত যেখানে মাটি নেই, সেখানে সতর্কভাবে গাড়ি চালাতে হবে’।
- বন্যায় ‘ভাঙা’ সড়কে চলাচলে ভোগান্তি
- সিলেট-সুনামগঞ্জ সড়ক রাস্তার কিনারের দেবে যাওয়া মাটি ভরাটের তড়িৎ ব্যবস্থা নিন


