সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেন প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার
ঢাকা সিলেট সড়কের ৬ লেন প্রকল্পের সাথে সুনামগঞ্জ- সিলেট সড়ককে অন্তর্ভুক্ত, ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সংকট দূর করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসীর ব্যানারে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে একনেক সভায় ঢাকা থেকে সিলেট পর্যন্ত সড়ক ৬ লেন করার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সুনামগঞ্জ- সিলেট ৬৭ কিলোমিটার সড়ক এই প্রকল্প থেকে বাদ পড়েছে। ৬ লেন সড়ক প্রকল্প অনুমোদনের আগে পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন সংসদ সদস্যদের নিয়ে একটি সভা করেছিলেন। সেই সভায় আমি ৬ লেন সড়কটি সুনামগঞ্জ পর্যন্ত করার দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে সুনামগঞ্জের সন্তান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছে অনুরোধ করে বলেছি, ৬ লেন সড়ক সুনামগঞ্জ পর্যন্ত নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখের বিষয় ৬ লেন সড়ক ঢাকা-সিলেট পর্যন্ত অনুমোদন হয়েছে। আমি বিশ^াস করি এখনো সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই দাবি উত্থাপন করলে সুনামগঞ্জ-সিলেট সড়ক ৬ লেনে উন্নীত হবে।
সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে পীর মিসবাহ বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ভবন রয়েছে, যন্ত্রপাতি আছে কিন্তু চিকিৎসক নেই। একারণে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন না। ৫৯ জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন ১৭ জন। এখানে চিকিৎসকের পদ খালি রয়েছে ৪২টি। এ্যানেস্থেশিয়া না থাকায় অপারেশন হয় না। ট্যাকনেশিয়ানের অভাবে এক্সরে হয়না। এবিষয়ে বার বার স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বললেও সুনামগঞ্জে কোনো চিকিৎসক নিয়োগ দেয়া হয় না।’ সুনামগঞ্জবাসীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দাবি জানালে সকল দাবি বাস্তবায়ন হবে।
সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু’র সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান সমছু, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনর, বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পিয়ারা বেগম প্রমুখ।